সাংবাদিকদের হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেয়ার পোস্টে বিএইচআরএফের তীব্র নিন্দা

সমালোচনা ও প্রতিবাদের মুখে ফেসবুক স্ট্যাটাস মুছলেন স্বাস্থ্যের উপ-পরিচালক

দেশের ৬০০টি হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত—স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীর এমন বিতর্কিত ফেসবুক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

সমালোচনা ও প্রতিবাদের মুখে ফেসবুক স্ট্যাটাস মুছলেন স্বাস্থ্যের উপ-পরিচালক
২৪ জুন, ২০২৬ ২০:৩২  

দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম ও টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের (হাসপাতাল শাখা) উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী। 

 ২৪ জুন, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, আন্তঃমন্ত্রণালয় আলোচনার মাধ্যমে তথ্য মন্ত্রণালয় ও সাংবাদিকদের অন্তত এক অর্থবছরের জন্য হাসপাতালের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া উচিত; তারা সফল হলে এই দায়িত্ব স্থায়ী করা যেতে পারে।

পরবর্তীতে তীব্র সমালোচনা ও সাংবাদিকদের প্রতিবাদের মুখে তিনি স্ট্যাটাসটি মুছে ফেলেন এবং আরেকটি পোস্টে দাবি করেন, চেনাজন সাংবাদিক ভাইয়েরা কষ্ট পাওয়ায় তিনি পোস্টটি সরিয়ে নিয়েছেন।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য বিভাগ একা সব অব্যবস্থাপনার দায় নিতে পারে না এবং সাংবাদিকরা পুরো তথ্য তুলে ধরে না বলেই তিনি এমন আলোচনার কথা বলেছেন।

​এদিকে, সরকারি দায়িত্বে থাকা একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন বিদ্রুপাত্মক ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

বুধবার বিএইচআরএফের সভাপতি প্রতীক ইজাজ ও সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় অসন্তুষ্ট হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করা হয়েছে, যা দায়িত্বশীল প্রশাসনিক আচরণের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। এই বক্তব্য শুধু সাংবাদিক সমাজকেই হেয়প্রতিপন্ন করেনি, বরং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।

নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তার এমন অপেশাদার আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।
​//ডিবিটেক/এডি/এমআই//