সাংহাইয়ে ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল; এর আগে বেইজিংয়ে আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্পে অংশ নেবে শিক্ষার্থীরা।

আইএমওতে বাংলাদেশের ছয় খুদে গণিতবিদ, বুধবার চীনের পথে

৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে ছয় সদস্যের বাংলাদেশ দল ২৪ জুন চীনের উদ্দেশে ঢাকা ছাড়ছে। এর আগে তারা বেইজিংয়ে আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্পে অংশ নেবে।

আইএমওতে বাংলাদেশের ছয় খুদে গণিতবিদ, বুধবার চীনের পথে
২২ জুন, ২০২৬ ২৩:৩৪  

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিতব্য ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিতে ছয় সদস্যের বাংলাদেশ দল আগামী বুধবার (২৪ জুন) ঢাকা ছাড়বে। ‘কোনো চাপ নয়, গণিত উপভোগ করাটাই আসল’—এই বার্তা নিয়ে বিশ্ব গণিতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে অংশ নিচ্ছে দেশের খুদে গণিতবিদরা। এ নিয়ে ২২তম বারের মতো আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ দলের সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার বাংলাদেশ দল সরাসরি সাংহাইয়ে না গিয়ে প্রথমে বেইজিংয়ে যাবে। সেখানে তারা ‘চতুর্থ আন্তর্জাতিক গণিত সামার ক্যাম্প ২০২৬’-এ অংশ নেবে। সামার ক্যাম্প শেষে ১৩ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দেবে দলটি। আগামী ২০ জুলাই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের আসরে বাংলাদেশসহ শতাধিক দেশের প্রায় ৬০০ প্রতিযোগী অংশ নিচ্ছে।

লিখিত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৪০টি ব্রোঞ্জ পদক এবং ৪৭টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। তিনি বলেন, এই অর্জন দেশের শিক্ষার্থীদের গণিতচর্চার সক্ষমতা ও আগ্রহের প্রতিফলন।

তিনি আরও বলেন, প্রায় দুই দশক ধরে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় আয়োজিত গণিত উৎসব এখন দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের অন্যতম বড় আয়োজন হয়ে উঠেছে।

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া শিক্ষার্থীদের সাফল্যের দিকে তাকিয়ে থাকবে পুরো দেশ। ভবিষ্যতেও মেধাবী তরুণদের বিকাশে এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, তরুণদের সাফল্যের গল্প ছড়িয়ে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড থেকে বাংলাদেশের জন্য নতুন সাফল্য নিয়ে আসতে।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে বিভিন্ন সামার ক্যাম্পে অংশগ্রহণ শিক্ষার্থীদের প্রস্তুতি আরও শক্তিশালী করবে। একই সঙ্গে তিনি গণিত অলিম্পিয়াডে মেয়েদের অংশগ্রহণ কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া বড় দায়িত্ব হলেও সেটিকে অতিরিক্ত চাপ হিসেবে না নিয়ে মনোযোগ ধরে রাখা জরুরি।

এবারের বাংলাদেশ দলের সদস্যরা হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, ঢাকা ইমপিরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন, চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান এবং আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান।

দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন কোচ মাহবুবুল আলম মজুমদার। উপদলনেতা হিসেবে থাকবেন একাডেমিক সমন্বয়ক অপূর্ব কুমার এবং পর্যবেক্ষক হিসেবে থাকবেন সমন্বয়ক মো. বায়েজিদ ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আইএমওর জন্য দেশের ১৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫১ হাজার ৫৩২ শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। অনলাইন বাছাই, ১২টি শহরে আঞ্চলিক গণিত উৎসব, জাতীয় গণিত উৎসব এবং জাতীয় গণিত ক্যাম্পের বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে ছয় সদস্যের দল নির্বাচন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি আবদুল হাকিম খান, বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রিজওয়ানা রিয়াজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক শিক্ষক প্রশিক্ষক রাজিয়া বেগম, টালিখাতার প্রধান নির্বাহী শাহাদাত উল্লাহ খান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক হাসান উজ জামান।

//ডিবিটেক/পিএ/ডিএইচএম//