ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরানোর বিষয়েও বিশেষ নির্দেশনা

ঢাকার সড়কে দ্রুত এআই ক্যামেরা বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক তৃতীয় বৈঠকে ঢাকার যানজট দূর করতে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। মে মাসের মাঝামাঝি থেকে ঢাকার ৩০টি ক্রসিংয়ে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই এআই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে আইন অমান্যকারী গাড়ি শনাক্ত করে ডিজিটাল মামলা দিচ্ছে। এছাড়া সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ ও পুরোনো গাড়ি সরানোর বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ঢাকার সড়কে দ্রুত এআই ক্যামেরা বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
১৫ জুন, ২০২৬ ১৫:০৪  
 79


​ঢাকা, ১৫ জুন ২০২৬: রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক রূপ দিতে সড়কে দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ক্যামেরা বসানোর কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
​অতিরিক্ত প্রেস সচিব জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক। বৈঠকে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি রাজধানীর পুরোনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে ফেলার বিষয়েও প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
​উল্লেখ্য, গত ৭ মে থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ পরীক্ষামূলকভাবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই এআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এই ক্যামেরাগুলোতে 'সড়ক পরিবহন আইন-২০১৮' লঙ্ঘন শনাক্ত করার বিশেষ সফটওয়্যার যুক্ত রয়েছে। গত মাসের মাঝামাঝি সময়ে ঢাকার ৩০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ের সিগন্যাল লাইট পয়েন্টে এআই প্রযুক্তির পিটিজেড ক্যামেরা বসানোর কথা জানিয়েছিল পুলিশ। এই সফটওয়্যারের মাধ্যমে আইন লঙ্ঘনকারী গাড়ি স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে এবং গাড়ির মালিকের নামে ডিজিটাল মামলা চলে যাচ্ছে, যা সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ভূমিকা রাখছে।
​উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​//ডিবিটেক/জেএনও/ এমইউআইএম//
​