ডিজিটাল সেবায় চমক দেখালো মিশন
গুগল ম্যাপস রেটিংয়ে শীর্ষে টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট
- ৩ হাজার ২১ পর্যালোচনায় ৪.৮ রেটিং নিয়ে বিশ্বের কনস্যুলেটগুলোর শীর্ষে টরন্টোর বাংলাদেশ মিশন
- ভিডিও নির্দেশিকা, ওয়াক-ইন, ডাকসেবা ও হোয়াটসঅ্যাপ লাইভে ই-পাসপোর্ট ও এনআইডি সেবা সহজীকরণ
- প্রযুক্তি ও প্রবাসীবান্ধব ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী অঞ্চলের প্রবাসীদের যাতায়াত ও খরচ সাশ্রয়
অ্যাডভান্সড ডিজিটাল টেকনোলজি, প্রমিত যোগাযোগ ব্যবস্থা এবং উদ্ভাবনী টেক-সলিউশনের ওপর ভর করে সেবা প্রদানের ক্ষেত্রে বৈশ্বিক কনস্যুলার মিশনগুলোর মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে কানাডার টরন্টোয় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
১৯ অক্টোবর, সোমবার প্রাপ্ত তথ্যে দেখা যায়, গুগল ম্যাপসের ৩ হাজার ২১টি পর্যালোচনার (রিভিউ) ওপর ভিত্তি করে ৪.৮ রেটিং অর্জন করেছে টরন্টোর বাংলাদেশ মিশন। যা ব্রাজিল, স্পেন ও ইতালির মতো প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর কনস্যুলেটগুলোকেও পেছনে ফেলে দিয়েছে। মূলত প্রশাসনিক সদিচ্ছা, টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার, দ্রুত কমিউনিকেশন এবং প্রবাসীবান্ধব সেবা পদ্ধতির ডিজিটাল রূপান্তরের কারণেই এই টেক-ইকোসিস্টেম চালিত সাফল্য এসেছে।
অন্টারিও, সাসকাচুয়ান, ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা ও ম্যানিটোবাসহ কানাডার বিস্তৃত ভৌগোলিক এলাকায় বসবাসকারী প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এ সমস্যার প্রযুক্তিভিত্তিক স্থায়ী সমাধানে টরন্টোর কনস্যুলেট জেনারেল নিজেদের পোর্টালে ই-পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নি ও ‘নো ভিসা রিকোয়ার্ড’ (এনভিআর) সার্ভিসের ওপর বিস্তৃত টিউটোরিয়াল ভিডিও লাইব্রেরি যুক্ত করেছে। এটি দেখে আবেদনকারীরা সহজেই নির্ভুলভাবে আবেদন করতে পারছেন।
পাশাপাশি সরাসরি যোগাযোগের অংশ হিসেবে কনস্যুলেটের নিজস্ব হোয়াটসঅ্যাপ ব্যাকবোন, মিসড-কলের বিপরীতে অটোমেশন ধাঁচের কলব্যাক সার্ভিস এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কনসাল জেনারেল মো. শাহ আলম খোকন নিজে ‘লাইভ কনসালটেশন’-এর মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধান করছেন। জরুরি সেবা নিশ্চিত করতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বিশেষ ‘ওয়াক-ইন’ সুবিধা এবং ট্র্যাকযোগ্য রিটার্ন এনভেলপের মাধ্যমে দূরবর্তী অঞ্চলের বাসিন্দাদের জন্য ডাকযোগে হোম ডেলিভারি সার্ভিস চালু রাখা হয়েছে।
আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ৩ হাজারের বেশি পাবলিক প্রমিত পর্যালোচনায় ৪.৮ রেটিং অর্জন কেবল একটি প্রশাসনিক সফলতা নয়; এটি সরকারি সেবা প্রদানে তথ্যপ্রযুক্তির সুনির্দিষ্ট প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি সফল মডেল।
//ডিবিটেক/এসএকে/এসএমই/এমআইএসটি//





