ক্রীড়া কাঠামো পুনর্গঠনে আধুনিক প্রযুক্তির ছোঁয়া
তরুণ প্রজন্মকে ডিভাইসের অতিরিক্ত আসক্তি থেকে মুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে ইউনিয়ন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ক্রীড়া কাঠামো পুনর্গঠনে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হচ্ছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার (ইআরসি) মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ মে, শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক সেমিনারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই তথ্য জানান। ‘হেলদি এজিং’ বা সুস্থ বার্ধক্য শীর্ষক এই সেমিনার ও স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের ডেটাবেজ তৈরি ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে একটি ধারাবাহিক মেধা অন্বেষণ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পূর্ণাঙ্গ ক্রীড়া মৌসুমে ভলিবল ও টেবিল টেনিসসহ মোট ১০টি খেলাকে বাধ্যতামূলক করা হচ্ছে, যেখানে বিভাগীয় ও কেন্দ্রীয় বিকেএসপিতে উন্নত প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে। নগর উন্নয়ন ও স্মার্ট সিটি পরিকল্পনায় আধুনিক খেলার মাঠ এবং হাঁটার পথ বা ওয়াকওয়ে তৈরিতে প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্রীড়া অবকাঠামোর ডিজিটাল নকশা ও আধুনিকায়নে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে সরকার সব ধরনের কারিগরি সহযোগিতা করবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ. ম. মনজুরুল ইসলাম চৌধুরী। তিনি বয়স বৃদ্ধির সঙ্গে শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা, সঠিক পুষ্টি ও নিয়মিত ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান এবং প্রকৌশলী এ কে এম শোয়েব বাশরী হাবলু অতিরিক্ত মোবাইল ও প্রযুক্তিনির্ভর জীবনযাপনের কারণে তরুণদের মানসিক স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেন। রিয়াজুল ইসলাম রিজু বলেন, অতিরিক্ত মোবাইল ও প্রযুক্তিনির্ভর জীবনযাপনের কারণে তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। তাই প্রতিটি অঞ্চলে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা জরুরি। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, মানসিক বিকাশ ও সামাজিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে।
পেশাগত ব্যস্ততার কারণে প্রকৌশলীরাও এক ধরণের শারীরিক নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে যাচ্ছেন উল্লেখ করে বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি কর্মক্ষমতা ধরে রাখতে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক সুস্থতার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রকৌশলী খান আতাউর রহমান সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ. ম. মনজুরুল ইসলাম চৌধুরী। শেষ পর্বে আইইবি-এর ৭৮তম ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত ডিজিটাল টুর্নামেন্টের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় আইইবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ইআরসি ঢাকার সদস্য ও বিপুলসংখ্যক প্রকৌশলী উপস্থিত ছিলেন।
/ডিবিটেক/এসআই/এমইউএম



