নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই, শোক প্রকাশ ফকির মাহবুব আনামের
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার (১৫ মে) এক শোকবার্তায় তিনি বলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কৃতি সন্তান রেজাউল হক আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গর্বিত মুখ ছিলেন। বিজ্ঞান ও গবেষণায় তার অসামান্য অবদান দেশ ও জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন মেধাবী বিজ্ঞানী ও গুণী সন্তানকে হারালো।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদের চাচার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ড. রেজাউল হক যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন। কয়েক বছর আগে অবসরে যাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।
তার বাবা ছিলেন মরহুম ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা মরহুম আনোয়ারা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন হবে। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
ডিবিটেক/আইএইচ/এমইউএম



