বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ

বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
১৫ মে, ২০২৬ ১৯:৩৯  

সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে জলাশয়ে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত বনিক।

১৫ মে, শুক্রবার বিকাল ৪টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিছানাকান্দি পর্যটন এলাকার একটি জলাশয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তারা খবর পান। পরে সিলেট থেকে ডুবুরি দল রওনা দেয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত দলটি ঘটনাস্থলে পৌঁছায়নি। তবে দ্রুত উদ্ধার অভিযান শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। তিনজন একসঙ্গে গোসল করতে নামেন। এর মধ্যে দুজন নিরাপদে উঠে আসতে পারলেও শান্ত বনিক নিখোঁজ হন।

স্থানীয়রা নৌকা নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও সন্ধ্যা পর্যন্ত কোনো সাফল্য পাওয়া যায়নি। ডুবুরি দল পৌঁছানোর পর আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হবে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ।

ডিবিটেক/এসআই/ইকে