বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২৪ জুন, ২০২৬ ১২:৪২  

চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

২৪ জুন, বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল ৯টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই প্ল্যানারি সেশন শুরু হয়। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উদ্বোধনী বক্তব্য দেন।

প্ল্যানারি সেশনে বাংলাদেশের পাশাপাশি অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ।

সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ ছাড়া সেশনের বিরতিতে অংশগ্রহণকারী বিশ্বনেতারা একটি ফটোসেশনে অংশ নেন।

এর আগে গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

//ডিবিটেক/ডিপি/ইকে//