টিকটক ভিডিও ইস্যুতে বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্কুলে ফিরছে শিক্ষার্থী

টিকটক ভিডিও ইস্যুতে বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্কুলে ফিরছে শিক্ষার্থী
১২ মে, ২০২৬ ২০:৫২  

জামালপুরের দেওয়ানগঞ্জ-এ মসজিদে গিয়ে টিকটক ভিডিও ধারণের ঘটনায় এক স্কুলছাত্রীর বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ১২ মে, মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

এর আগে ১১ মে, সোমবার দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়-এর নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাড়পত্র দেওয়া হয়েছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান স্বাক্ষরিত সেই নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরে বিষয়টি ইউএনওর নজরে এলে তিনি ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন। মঙ্গলবার শিক্ষার্থীর মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ছাড়পত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার আগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউএনওর অনুমতি নেওয়া হয়নি। তাড়াহুড়ার কারণে এ ভুল হয়েছে। পরে শিক্ষার্থীর মায়ের আবেদন ও ইউএনওর নির্দেশে সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে।

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে যথাযথ বিধিমালা অনুসরণ করা হয়নি। বিষয়টি বুঝতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত সংশোধন করেছে।

জানা গেছে, কিছুদিন আগে স্কুলড্রেস পরে দেওয়ানগঞ্জ মডেল মসজিদ-এর ছাদে টিকটকের জন্য ভিডিও ধারণ করে ওই শিক্ষার্থী। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমাআলোচনা শুরু হয়। পরবর্তীতে যেন কেউ এমনটা করে বিদ্যালয়ের ভাবমর্যাদা ক্ষুণ্ন না করতে পারে তা উল্লেখ করে কর্তৃপক্ষ প্রথমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল। তবে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সঠিক বিধিমালা না মানায় শিক্ষার্থীর মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ইউএনওর নির্দেশে তার ছাড়পত্রটি প্রত্যাহার করা হয়েছে।

ডিবিটেক/এনটিও/ইকে