নতুন ভিসি খুঁজছে সরকার, ঘোষণা যেকোনো সময়

রংপুর: ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে নতুন উপাচার্য (উপাচার্য) নিয়োগ দিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পালা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১ এপ্রিল সার্কুলার জারি করে সার্চ কমিটি পুনর্গঠন করেছে। মূলত এর থেকেই বেরোবির নতুন উপাচার্য ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। আর যেকোনো সময় […] The post নতুন ভিসি খুঁজছে সরকার, ঘোষণা যেকোনো সময় first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং

নতুন ভিসি খুঁজছে সরকার, ঘোষণা যেকোনো সময়
১২ মে, ২০২৬ ০৯:১০  

রংপুর: ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে নতুন উপাচার্য (উপাচার্য) নিয়োগ দিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় এবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পালা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১ এপ্রিল সার্কুলার জারি করে সার্চ কমিটি পুনর্গঠন করেছে। মূলত এর থেকেই বেরোবির নতুন উপাচার্য ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। আর যেকোনো সময় ভিসির নাম ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়টির ইতিহাস শিক্ষা মহলের জন্য উদ্বেগের কারণ। কারণ, প্রতিষ্ঠার ১৭ বছরে এখন পর্যন্ত ছয় উপাচার্যের মধ্যে পাঁচজনের বিরুদ্ধেই দুর্নীতি ও ফৌজদারি মামলা হয়েছে। এক উপাচার্য বর্তমানে কারাগারে, আরেকজন পলাতক। এমন প্রেক্ষাপটে প্রশাসন ও শিক্ষক সমাজের দাবি— এমন এক শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগ দিক সরকার, যিনি বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা-গবেষণায় এগিয়ে নিতে পারেন।

‘দুর্নীতির ইতিহাস’ বেরোবিকে জর্জরিত করে রেখেছে

বেরোবির উপাচার্য পদটি ঝুঁকিপূর্ণ বলেই ধারণা করছেন শিক্ষা বিশ্লেষকরা। প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান ছাড়া বাকি পাঁচজনের প্রত্যেকেই আইনি জটিলতায় পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আব্দুল জলিল মিয়া চার বছর দায়িত্ব পালনের সময় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের মামলায় কিছুদিন কারাগারে ছিলেন, সেই মামলা এখনও বিচারাধীন।

তৃতীয় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম নূর উন নবীর বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ গঠন হয়েছে। চতুর্থ উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ দুদক মামলায় বর্তমানে কারাগারে আছেন। পঞ্চম উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ জুলাই আন্দোলনের প্রথম শহিদ বেরোবি শিক্ষার্থী আবু সাইদকে পুলিশের গুলিতে হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তিনি বর্তমানে পলাতক। এছাড়া ৬ষ্ঠ ও বর্তমান বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলীর বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও উত্তরপত্র পরিবর্তনের অভিযোগে দুদকের মামলা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত বর্তমান উপাচার্যর ভবিষ্যৎ কী

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী অন্তর্বর্তী সরকারের আমলে (২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর) বেরোবির ষষ্ঠ উপাচার্য হিসেবে যোগ দেন। তিনি একইসঙ্গে ট্রেজারারের দায়িত্বও পালন করছেন। তবে তার ভবিষ্যৎ অনিশ্চিত বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সার্চ কমিটির এক প্রভাবশালী সদস্য নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, ‘বর্তমান উপাচার্য অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পেয়েছেন। নতুন সরকারের পক্ষ থেকে স্বনামধন্য শিক্ষকদের নিয়ে আসার চেষ্টা চলছে।’

উল্লেখ্য, বর্তমান উপাচার্য শওকত আলীর বিরুদ্ধেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও উত্তরপত্র পরিবর্তনের অভিযোগে দুদকে মামলা রয়েছে।

সার্চ কমিটি কাজ শুরু করেছে

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১ এপ্রিল পরিপত্র জারি করে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি পুনর্গঠন করে। কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেককে। কমিটির অন্য সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, ইউজিসির সদস্য (পাবলিক ইউনিভার্সিটি) অধ্যাপক মো. তানজিম উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মোরশেদ। সদস্য সচিব করা হয়েছে উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে। কমিটি এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্তে কাজ শুরু করে দিয়েছে।

‘হাত ঘুরিয়ে’ নিয়োগ স্থগিতের নির্দেশ

বর্তমান উপাচার্যের মেয়াদ ঘনিয়ে আসায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ স্থগিতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের নিয়োগ বোর্ড স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, সকল নিয়োগ যাতে স্থগিত করা হয়। ফলে আবার সার্কুলার দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।’

শিক্ষামহলের প্রত্যাশা

শিক্ষামহলের চোখ এখন শিক্ষা মন্ত্রণালয়ের দিকে। নতুন উপাচার্য বেরোবির জন্য আশীর্বাদ বয়ে আনবেন, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে— সেটাই এখন দেখার অপেক্ষা। শিক্ষাবিদ অধ্যাপক হারুন অর রশীদ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘উত্তরাঞ্চলের এই বিশ্ববিদ্যালয়টির সম্ভাবনা অপরিসীম। নানা আন্দোলনের ফসল এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার দায়িত্ব যার হাতে পড়বে, তিনি যেন সৎ, যোগ্য ও দূরদর্শী হন— এটাই আমাদের প্রত্যাশা।’

বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা আশা নতুন উপাচার্য বেরোবিতে সুশাসন ফিরিয়ে আনবেন এবং গবেষণায় বিশ্বের দরবারে বিশ্ববিদ্যালয়টিকে পরিচিত করে তুলবেন।

The post নতুন ভিসি খুঁজছে সরকার, ঘোষণা যেকোনো সময় first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.