ইউআইটিএস-এ বিসিসি’র আন্তর্জাতিক আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ইউআইটিএস-এ বিসিসি’র আন্তর্জাতিক আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
১ এপ্রিল, ২০২৬ ১৪:২০  

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের ‘আইটিইই (ITEE) প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আইসিটি বিভাগের আওতাধীন বিসিসি’র উদ্যোগে এবং ইউআইটিএস-এর আইকিউএসি (IQAC) ও সিএসই বিভাগের যৌথ ব্যবস্থাপনায় সম্প্রতি এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ এপ্রিল, বুধবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষথেকে জানানো হয়, জাপানের ‘ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি’ (IPA) পরিচালিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটিইই লেভেল-২ (এফই) পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে এই বিশেষায়িত কোর্সটি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে ইউআইটিএস-এর নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা তাদের আন্তর্জাতিক কর্মসংস্থানে বিশেষ সুবিধা প্রদান করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিসি’র পরিচালক (বিডি-আইটিইসি) ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

বক্তারা আইসিটি খাতে পেশাগত মান বৃদ্ধিতে আন্তর্জাতিক সার্টিফিকেশনের গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের বৈশ্বিক মানে উন্নীত করার আহ্বান জানান। অনুষ্ঠানে আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, সিএসই বিভাগীয় প্রধান আল-ইমতিয়াজ এবং ট্রেইনার হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আন্নাজিয়াত আলিম রাসেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এই উদ্যোগটি বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ডিবিটেক/এসআই/ইকে