ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ মোবারক

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর ঈদ মোবারক
২০ মার্চ, ২০২৬ ১৩:৩৯  

রমজানের আদর্শে উব্ধুদ্ধ হয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ মার্চ, শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।

‘প্রতিটি ঘরে প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সবার তরে। আসুন আমরা রামাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই।’

এছাড়াও এক বাণীতে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঈদ মোবারক। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রামাদান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর।

ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।

প্রধানমন্ত্রী বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এ আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই- এটাই হোক আমাদের অঙ্গীকার।

তারেক রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক- এই প্রত্যাশা করি। আসুন, আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি। আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি- তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত আমাদের সবার জীবনে বর্ষিত করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।

ডিবিটেক/এমইউএম/ইকে