আইসিটির ক্ষুদ্র ও কুটির উদ্যোক্তাদের 

অনুদান দিতে অনলাইনে আবেদন নিচ্ছে আইডিয়া

অনুদান দিতে অনলাইনে আবেদন নিচ্ছে আইডিয়া
১৫ মার্চ, ২০২৬ ১০:২৫  
১৫ মার্চ, ২০২৬ ১১:৪১  

দেশের আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের জন্য অনুদানের ঘোষণা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) "উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ" (আইডিয়া) প্রকল্প। আগামী দিনগুলোতে দেশীয় আইসিটি খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্প কর্তৃপক্ষ জানায়, নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। আগ্রহী উদ্যোক্তাদের প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শেষে নির্বাচন কমিটির মাধ্যমে আবেদন যাচাই-বাছাই করে উপযুক্ত উদ্যোক্তাদের চূড়ান্ত করা হবে।

আইডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনে অনুদানের শর্তাবলী বা আবেদন প্রক্রিয়ায় সংশোধন বা পরিবর্তন আনার ক্ষমতা তাদের হাতে থাকবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অনুদানের ৫০ হাজার টাকা দেশীয় প্রযুক্তি উদ্যোক্তাদের তাদের পণ্য ও সেবার মানোন্নয়ন ও বাজারজাতকরণে সহায়তা করবে বলে আশা করছে সরকার।

এ বিষয়ে আইডিয়া প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মোঃ জুলকার নাইন নোমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুদান দেশের তরুণ আইসিটি উদ্যোক্তাদের জন্য একটি বড় সুযোগ। তিনি বলেন, "আমরা চাই, মেধাবী উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করতে পারেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।"

ডিবিটেক/বিএমটি