মিসরে নিষিদ্ধ হলো রোবলক্স

মিসরে নিষিদ্ধ হলো রোবলক্স
৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৭  

শিশু-কিশোরদের জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স সব ব্যবহারকারীর জন্য নিষিদ্ধ করেছে মিসর। বার্তা সংস্থা ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, দেশটির সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন এই সিদ্ধান্ত কার্যকরে ন্যাশনাল টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অথরিটির সঙ্গে সমন্বয় করছে। খবর এনগ্যাজেট।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, সিনেটর ওয়ালাআ হারমাস রাদওয়ানদিদ শিশুদের “নৈতিক ও শিক্ষাগত মূল্যবোধ” রক্ষার কথা তুলে ধরে রোবলক্স নিয়ন্ত্রণের প্রস্তাব দেন। তাঁর আশঙ্কার মধ্যে রয়েছে অপরিচিতদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ এবং তরুণ ব্যবহারকারীদের ওপর সম্ভাব্য মানসিক ও আচরণগত প্রভাব। 

এ বিষয়ে রোবলক্স এক বিবৃতিতে জানায়, তাদের প্ল্যাটফর্মে বহু অন্যান্য সেবার তুলনায়ও কঠোর সুরক্ষা ব্যবস্থা রয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে মিসর ইরাক, আলজেরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাতারে যোগ দিল—যেসব দেশে রোবলক্স নিষিদ্ধ বা কঠোরভাবে সীমিত। তুরস্ক ও রাশিয়াও সম্প্রতি প্ল্যাটফর্মটি পুরোপুরি বন্ধ করেছে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে রোবলক্সের উপস্থিতি উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মিসরসহ কয়েকটি দেশে মোট দেশজ উৎপাদনে প্রায় ১ কোটি ৫০ লাখ ডলার যোগ করেছে রোবলক্স।

ডিবিটেক/বিএমটি