এবছর ক্লাউডে মূলধনী ব্যয় দ্বিগুন করছে অ্যালফাবেট

এবছর ক্লাউডে মূলধনী ব্যয় দ্বিগুন করছে অ্যালফাবেট
৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:২৬  

কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর অবকাঠামো শক্তিশালী করতে ২০২৬ সালে মূলধনী ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ইঙ্গিত দিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটি ১৭৫ থেকে ১৮৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করছে, যা ২০২৫ সালের প্রায় ৯১ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় দ্বিগুণ।

অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, সার্ভার, ডেটা সেন্টার ও নেটওয়ার্কিং সক্ষমতা বাড়ানোই এই ব্যয়ের মূল লক্ষ্য। তাঁর ভাষায়, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ সরাসরি রাজস্ব ও প্রবৃদ্ধি বাড়াচ্ছে, যদিও সারা বছর জুড়েই সক্ষমতার সীমাবদ্ধতা থাকতে পারে।

এই ব্যয় বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে গুগল ক্লাউডের দ্রুত সম্প্রসারণ। গত বছরের শেষ প্রান্তিকে ক্লাউড বিভাগটির আয় বেড়েছে ৪৮ শতাংশ, যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও বেশি এবং কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। 

একই সময়ে জেমিনি ৩ চালুর পর গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সেবার গ্রহণযোগ্যতাও বেড়েছে; মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ৭৫০ মিলিয়নের বেশি।

বিশ্লেষকদের মতে, এই অগ্রগতি অ্যালফাবেটকে অ্যামাজন ও মাইক্রোসফটের কাতারে একটি পূর্ণাঙ্গ হাইপারস্কেলার হিসেবে প্রতিষ্ঠা করছে।

ডিবিটেক/বিএমটি