বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড পেলো উমা
ইউনাইটেড ফাইন্যান্স মোবাইল অ্যাপ (উমা) এর জন্য তৃতীয় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড-এ নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) ক্যাটাগরিতে সেরা পুরস্কার অর্জন করেছে ইউনাইটেড ফাইন্যান্স।
রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৮ নভেম্বর, শনিবার সম্মাননাটি গ্রহণ করেন ইউনাইটেড ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। তার হাতে পদকটি তুলে দেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ।
ইউনাইটেড ফাইন্যান্স-এর পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অ্যাওয়ার্ড সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করেন।
উমা হলো এনবিএফআই খাতে একমাত্র মোবাইল অ্যাপ যা সম্পূর্ণ ডিজিটাল অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করে। গ্রাহকরা স্মার্টফোনের মাধ্যমে সহজেই তাদের রিয়েল-টাইম ব্যালেন্স দেখতে পারেন, স্টেটমেন্ট ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন, এবং বিভিন্ন সেবা অনুরোধ করতে পারেন। উমা এর ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন এবং স্মুথ ফাংশনালিটি উমাকে গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় পূর্ণ স্বাধীনতা দিতে সক্ষম করেছে, যা ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এই অর্জন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “উমা একটি নতুন যাত্রার সূচনা। আজকের দিনে সেবার উৎকর্ষই প্রকৃত পার্থক্য গড়ে দেয়, এবং ইউনাইটেড ফাইন্যান্স-এ আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে শ্রেষ্ঠ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ৩৬ বছরের ঐতিহ্য ও আস্থাকে ভিত্তি করে, এই পুরস্কার আমাদের একটি ভবিষ্যতমুখী আর্থিক প্রতিষ্ঠান গড়ার অনুপ্রেরণা জোগাবে।”
ডিবিটেক/ইক



