স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে যুক্ত হবে আমদানিতে পরিশোধিত আয়কর
আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়কর এখন থেকে করদাতার ই-রিটার্নে স্বয়ংক্রিয়ভাবে জমা (ক্রেডিট) হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে কাস্টমস ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’-এর সফল সংযোগ সম্পন্ন করেছে। ১৮ জানুয়ারি, রবিবার থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে। একইসঙ্গে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারি তারিখের মধ্যে ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য সব ব্যক্তি করদাতাকে অনুরোধ জানিয়েছে এনবিআর।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, ১৮ জানুয়ারি থেকে এটি চালু করার ফলে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের ক্রেডিট প্রাপ্তির ক্ষেত্রে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। একই সঙ্গে আমদানিকারক বাবসায়ীদের ই-রিটার্ন দাখিল সহজতর হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, করদাতাদের সুবিধার্থে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের কার্যকর সংযোগ সম্পন্ন করে তা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর ফলে আমদানিকারক করদাতাদের আর আলাদাভাবে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের তথ্য সংযুক্ত বা প্রমাণ দাখিল করতে হবে না।
সূত্র আরও জানায়, আমদানিকারক করদাতা ই-রিটার্নে ব্যবসায়িক আয়ের তথ্য এন্ট্রি দেওয়ার সময় সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রি অনুযায়ী তিনি যে পরিমাণ অগ্রিম আয়কর পরিশোধ করেছেন, তার সম্পূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে প্রদর্শিত হবে। আমদানি পর্যায়ে পরিশোধিত ওই আয়কর ই-রিটার্নে করদাতার মোট প্রদেয় আয়কর থেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে যাবে এবং চূড়ান্ত পরিশোধযোগ্য কর নির্ধারিত হবে।
এনবিআর সূত্রে প্রকাশ, ২০২৫ সালের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কর্তৃক ২০২৫-২৬ কর বছরের জন্য ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুভ উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা এরইমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন। লক্ষনীয় যে, যাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি তারাও অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। এ বছর প্রবাসী বাংলাদেশি করদাতারাও ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী করাদাতা তাদের ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমে অনলাইনে দাখিল করেছেন।
ডিবিটেক/ডিপিএস/ এমএম







