ক্রিয়েটরদের জীবিকা হুমকিতে ফেলতে পারে এআই: মিস্টারবিস্ট
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর মিস্টারবিস্ট (আসল নাম জিমি ডোনাল্ডসন) সম্প্রতি জানিয়েছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কনটেন্ট নির্মাতাদের জীবিকায় গুরুতর প্রভাব ফেলতে পারে। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “লাখো নির্মাতা এখন জীবিকা হিসেবে কনটেন্ট তৈরি করছে — কিন্তু এআই ভিডিওগুলো তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। ভয়াবহ সময় চলছে।” খবর টেকক্রাঞ্চ।
ফোর্বসের ২০২৫ সালের তালিকায় ৮৫ মিলিয়ন ডলার আয়ের মাধ্যমে তিনি বিশ্বের এক নম্বর ক্রিয়েটর। তার প্রভাব এতটাই বিস্তৃত যে, এআই যদি সত্যিই হুমকি হয়, তাহলে ছোট নির্মাতাদের উদ্বেগ আরও গভীর হতে বাধ্য।
সম্প্রতি ওপেনএআই একটি নতুন অডিও ও ভিডিও জেনারেটর অ্যাপ ‘সোরা ২’ প্রকাশ করেছে, যা প্রকাশের পরই যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে শীর্ষে উঠে এসেছে। ইউটিউবও চালু করেছে ভিডিও সম্পাদনার জন্য এআই টুল, যা স্থির ছবি থেকে ভিডিও তৈরি করতে পারে।
যদিও মিস্টারবিস্ট নিজেও একসময় থাম্বনেইল তৈরিতে এআই ব্যবহার করেছিলেন, তীব্র সমালোচনার পর তিনি সেটি বন্ধ করে মানব শিল্পীদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি সতর্ক করে বলেন, “যদি এআই-নির্ভর ভিডিও একসময় মানুষের তৈরি কনটেন্টের মতো হয়ে যায়, তবে স্বচ্ছতার অভাবেই দর্শকদের বিশ্বাস নষ্ট হতে পারে।”
ডিবিটেক/বিএমটি







