ভারতে অফিস খুলছে অ্যানথ্রপিক

ভারতে অফিস খুলছে অ্যানথ্রপিক
৮ অক্টোবর, ২০২৫ ১০:০১  
৮ অক্টোবর, ২০২৫ ১৪:৩১  

গুগল ও অ্যামাজনের সহায়তায় গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যানথ্রপিক আগামী বছর ভারতে তাদের প্রথম অফিস চালু করতে যাচ্ছে। দ্রুত বাড়তে থাকা এআই টুলের চাহিদা কাজে লাগাতেই প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স।

ভারতে এআই গ্রহণের গতি বেড়েছে করপোরেট খাতে প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগকারীদের আগ্রহের কারণে। প্রায় একশ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর দেশটি এখন বৈশ্বিক এআই কোম্পানিগুলোর অন্যতম প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অ্যানথ্রপিকের চ্যাটবট ক্লুড বর্তমানে ভারতে কোম্পানিটির দ্বিতীয় বৃহত্তম বাজার, যা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং কোডিং সক্ষমতার জন্য বেশ পরিচিত। প্রতিষ্ঠানটি ভারতে ক্লুডের বিনামূল্য ও পেইড দুই সংস্করণই সরবরাহ করছে, যদিও এখনো স্থানীয় মুদ্রায় মূল্য নির্ধারণ করা হয়নি।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দারিও আমোদেই এই সপ্তাহে ভারতে সরকারি কর্মকর্তা ও করপোরেট অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। নতুন অফিসটি ভারতের প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুতে স্থাপিত হবে এবং ২০২৬ সালের শুরুতে কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

অ্যানথ্রপিক জানিয়েছে, এটি তাদের এশিয়া-প্যাসিফিক অঞ্চলে টোকিওর পর দ্বিতীয় অফিস হবে। অন্যদিকে, মাইক্রোসফট সমর্থিত ওপেনএআইও ২০২৫ সালের মধ্যে নয়াদিল্লিতে অফিস চালুর পরিকল্পনা করছে।

ডিবিটেক/বিএমটি