দ্বিতীয় বারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে দেশে পৌঁছেছে ২১ হাজার ৫০৮ ভোট
এবারই নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলছে। এই সুযোগ নিয়ে ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল অ্যাপে নিবন্ধন করেছেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী। পোস্টাল ব্যালটের মাধ্যমে ২৭ জানুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৫০৮টি ভোট পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে ইতোমধ্যে নির্বাচন কমিশনের যোগাযোগ হয়েছে জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ মঙ্গলবার বলেছেন, “মহামান্য রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নিবন্ধনের পর ডাকযোগে রাষ্ট্রপ্রধানের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে বলে জানান ইসি সচিব আখতার।
২৭ জানুয়ারিম মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে ইসি জানায়, প্রবাসীদের নিবন্ধনের পরে বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। প্রবাসী ভোটাররা ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০টি। এর মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮টি।
সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩২২ ভোট। প্রবাসীরা সংশ্লিষ্ট দেশ থেকে ডাক বিভাগে পোস্টাল ব্যালট পাঠাচ্ছে। এর পরে ডাক বিভাগ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পোস্টাল ব্যালট পাঠাচ্ছে। জাতীয় নির্বাচনের দিন পোস্টাল ব্যালটের ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সরকারি চাকরিজীবী, কয়েদী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রবাসীসহ ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত। ব্যালট ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে, অন্যথায় বাতিল হবে।
ডিবিটেক/এসএম/ডিডি







