নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকায় ঝটিকা সফর ভিওন সিইও

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকায় ঝটিকা সফর ভিওন সিইও
২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৪  

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এক দিনের ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওলু। সফরে নতুন সরকারের সময়ে বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। 

গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করায় ভিওনের পক্ষ হতে তিনি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশে ডিজিটাল সেবা সম্প্রসারণ ও বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়ে ভিওনের আগ্রহের কথাও জানিয়েছেন।

সূত্রমতে, ১৯ ফেব্রুয়ারি ঝটিকা এই সফরে এসে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) এর সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেছেন তেরজিওলু। এ সময় নিয়ন্ত্রণ সংস্থাটি পক্ষে কমিশনার মাহমুদ হোসেন ছাড়াও ভিওন গ্রুপের কোম্পানি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে এবং চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে ভিওন সিইও বলেন, প্রচলিত মোবাইল সেবার পাশাপাশি ডিজিটাল সেবায় তাদের কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিশেষ করে আর্থিক প্রযুক্তিভিত্তিক সেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে বৃহত্তর জনগোষ্ঠী ডিজিটাল সুবিধার আওতায় আসতে পারে।

এসময় দেশের টেলিযোগাযোগ খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী। তিনি প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে নিয়ন্ত্রক সংস্থার নীতিগত সহায়তার কথাও উল্লেখ করেন। 

বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ডিজিটাল খাতের টেকসই উন্নয়নে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

ডিবিটেক/টিআর/ইকে