ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে ৬ শতাংশ সুদে ঋণ দিচ্ছে পিকেএসএফ
- ৫০০ কোটি টাকার তহবিল থেকে ২১ হাজার গ্রাহক পাবেন ঋণসুবিধা
- সারা দেশে উৎপাদিত হবে প্রায় ৪০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
- ১৫ বছরে ৬ লাখ টন কার্বন নিঃসরণ হ্রাসের প্রক্ষেপণ
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে নবায়নযোগ্য প্রযুক্তির প্রসারে এবং ডিজিটাল পর্যবেক্ষণের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সবুজ জ্বালানি পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বাড়ি ও প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাত্র ৬ শতাংশ সুদে ঋণ পাবেন দেশের ২১ হাজার গ্রাহক। এ লক্ষ্যে সরকারের দেওয়া ৫০০ কোটি টাকার তহবিল থেকে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।
সংশ্লিষ্ট সূত্রে এবং পিকেএসএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির ৯৬টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ঋণসুবিধা পৌঁছে দেওয়া হবে। দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি পিকেএসএফকে ৫০০ কোটি টাকার এই ঋণ মঞ্জুর করেছে। পিকেএসএফের ‘নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন কর্মসূচি’র আওতায় গ্রাহক পর্যায়ে এ অর্থ বিতরণ করা হচ্ছে, যার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তারা স্বল্প সুদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে কর্মসূচিটি বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে পিকেএসএফ। এর অংশ হিসেবে ৯৬টি সহযোগী সংস্থার অনুকূলে ঋণ মঞ্জুর করে অর্থ ছাড় শুরু হয়েছে এবং এসব সংস্থার মাধ্যমেই গ্রাহকরা সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য ঋণ নিতে পারবেন।
পিকেএসএফের হিসাব অনুযায়ী, এই তহবিলের আওতায় সারা দেশে ২১ হাজার গ্রাহকের বাড়ি কিংবা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে। এসব স্থাপনা থেকে সম্মিলিতভাবে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারিত হলে গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে। বিশেষ করে পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিদ্যুতের একটি নির্ভরযোগ্য বিকল্প উৎস তৈরির সুযোগ সৃষ্টি হবে।
এ কর্মসূচির মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানায় পিকেএসএফ। সংস্থাটির প্রক্ষেপণ অনুযায়ী, সৌরবিদ্যুৎ স্থাপনের এই উদ্যোগের ফলে আগামী ১৫ বছরে অন্তত ৬ লাখ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে। এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সেবা খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেছে সংস্থাটি।
প্রযুক্তিগত স্বচ্ছতা নিশ্চিতে পিকেএসএফ আরও জানায়, কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি স্বয়ংক্রিয় ড্যাশবোর্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে ঋণ বিতরণ ও সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের অগ্রগতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।
//ডিবিটেক/পিএসসি/ডিআরই/এফওইডি//





