পোস্ট ডিলিট না করেই ইনস্টাগ্রাম স্টোরি এডিটের সুযোগ চালু
ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করার পর কোনো বানান ভুল হলে বা কিছু পরিবর্তন করতে চাইলে এতদিন পুরো স্টোরিটি মুছে নতুন করে আপলোড করা ছাড়া উপায় ছিল না। স্টোরিজ ফিচার চালুর এক দশকেরও বেশি সময় পর অবশেষে সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাল মেটা।
এখন থেকে ইনস্টাগ্রামের প্রায় ৩০০ কোটি ব্যবহারকারী স্টোরি প্রকাশ করার পরও তা না মুছেই সম্পাদনা বা এডিট করার সুযোগ পাবেন।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, নতুন এই সুবিধার আওতায় স্টোরি প্রকাশের পর প্রথম ১৫ মিনিটের মধ্যে ব্যবহারকারীরা প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন। এর ফলে স্টোরির বানান সংশোধন, ক্যাপশন পরিবর্তন কিংবা নতুন গান যুক্ত বা বদলানো যাবে, আর এই পুরো প্রক্রিয়ায় স্টোরিটির ভিউ, লাইক এবং রিপ্লাইগুলো অক্ষুণ্ণ থাকবে।
কেন গুরুত্বপূর্ণ এই পরিবর্তন
সাধারণভাবে কোনো স্টোরি মুছে পুনরায় আপলোড করা খুব বড় ঝামেলা মনে না হলেও ধারাবাহিক একাধিক স্টোরির ক্ষেত্রে এটি বেশ বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াত। কারণ, ইনস্টাগ্রাম স্টোরিগুলো সময়ের উল্টো ক্রমানুসারে প্রদর্শিত হয়; ফলে মাঝখানের কোনো একটি স্টোরি মুছে আবার দিলে সেটি আগের জায়গায় থাকে না।
এ ছাড়া পেশাদার কনটেন্ট নির্মাতা এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপকদের জন্য স্টোরি মুছে ফেললে রিচ বা এনগেজমেন্টের পরিসংখ্যান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। নতুন এই ১৫ মিনিটের সময়সীমা সেই সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
যেভাবে ব্যবহার করা যাবে ও অন্যান্য নতুন সুবিধা
ইতিমধ্যেই ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। স্টোরি প্রকাশের পর নিচের ‘মোর’ (More) মেনুতে গিয়ে ‘এডিট স্টোরি’ (Edit Story) অপশনটি নির্বাচন করে প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে। তবে কোনো স্টোরি সম্পাদনা করা হলে অন্য ব্যবহারকারীরা সেটি দেখার সময় সেখানে ‘এডিটেড’ (Edited) লেখা একটি লেবেল দেখতে পাবেন।
এর পাশাপাশি স্টোরি তৈরির টুলগুলোতেও আরও কিছু নতুনত্ব এনেছে ইনস্টাগ্রাম। এখন থেকে স্টোরির ব্যাকগ্রাউন্ড রঙে গ্রেডিয়েন্টসহ নতুন কিছু ইফেক্ট ব্যবহার করা যাবে এবং একসঙ্গে একাধিক ছবি সাজিয়ে শেয়ার করার প্রক্রিয়াটিও আগের চেয়ে সহজ করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





