মধুপুরে মন্ত্রী ফকির মাহবুব আনামের হুঁশিয়ারি

অনলাইন জুয়া ঠেকাতে কঠোর বার্তা

অনলাইন জুয়া ঠেকাতে কঠোর বার্তা
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৫৯  

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারির পাশাপাশি অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ—বিশেষ করে অনলাইন জুয়ার মতো ঝুঁকিপূর্ণ প্রবণতা—থেকে রক্ষা করা এখন সময়ের বড় চ্যালেঞ্জ।

২৮ ফেব্রুয়ারি, শনিবার মধুপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রযুক্তির অপব্যবহার করে একটি চক্র কিশোর-তরুণদের অনলাইন জুয়ার ফাঁদে ফেলছে। এতে পরিবারে অশান্তি, অর্থনৈতিক ক্ষতি এবং অপরাধপ্রবণতা বাড়ছে। প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করে এসব প্ল্যাটফর্ম চিহ্নিত ও দমন করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, জনগণ যাতে নিরাপদে জীবনযাপন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। “মধুপুরে বখাটে দেখতে চাই না”—উল্লেখ করে তিনি জানান, অনলাইন জুয়া ও মাদক—দুই দিক থেকেই তরুণ সমাজকে রক্ষা করতে হবে। প্রয়োজনে সচেতনতামূলক প্রচার, প্রযুক্তিগত নজরদারি ও আইন প্রয়োগ জোরদারের নির্দেশ দেন তিনি।

কই সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিশ্রুতি অনুযায়ী প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের কাছে ভর্তুকি, প্রণোদনা ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে দ্রুত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের কথাও তুলে ধরেন মন্ত্রী। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ধনবাড়ী উপজেলায় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভার আগে মন্ত্রী মধুপুর শহরের সাথীর মোড়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের সাথীর মোড় থেকে টুটুল ট্রেডার্স পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

পরে মন্ত্রী ধনবাড়ী উপজেলায় গিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার

ডিবিটেক/এমজেডইউ/এমইউএম