ইন্টারনেট প্যাকেজ, কলরেট ও টেলিকম নেটওয়ার্ক আধুনিকায়নের বিস্তারিত চিত্র তুলে ধরলেন ফকির মাহবুব আনাম
শ্বেতপত্রের সুপারিশে আইসিটির ৬১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা; সংসদ জানালেন আইসিটিমন্ত্রী
- শ্বেতপত্রের সুপারিশে আইসিটি বিভাগের চার প্রতিষ্ঠানের ৬১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
- দেশে চার মোবাইল অপারেটরের মোট গ্রাহক দাঁড়াল ১৯ কোটি ১৩ লাখ ৯১ হাজারে
- সংশোধিত ট্যারিফে ৫ এমবিপিএস ব্রডব্যান্ড ৪০০ টাকা এবং সর্বোচ্চ কলরেট হ্রাসের বিবেচনা
- দুর্গম চরাঞ্চল ও পার্বত্য স্কুলগুলোতে লিও স্যাটেলাইট ইন্টারনেট ও নতুন টাওয়ার স্থাপন
- টেলিটকের নেটওয়ার্ক আধুনিকায়ন, ৫জি বিস্তার ও ই-কমার্সে ডাক বিভাগের 'আমার ডাক' অ্যাপ
গত দেড় দশকের অনিয়ম ও দুর্নীতি পর্যালোচনা করে প্রকাশিত শ্বেতপত্রের সুপারিশের ভিত্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন চারটি প্রতিষ্ঠানের ৬১ জন কর্মকর্তা ও কনসালট্যান্টের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে ১৯ জন কনসালট্যান্টের চুক্তি বাতিল, ১৭ জনের স্বেচ্ছায় ইস্তফা, দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং অন্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে।
১৬ নভেম্বর, সোমবার স্পিকার হাফিজ উদ্দিনের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।
শ্বেতপত্রের ভিত্তিতে আইসিটি খাতে শুদ্ধি অভিযান:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত শ্বেতপত্রের আলোকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ১৯ জন কনসালট্যান্টের চুক্তি বাতিল, ১৭ জনের পদত্যাগ এবং দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত চলছে। এছাড়া বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ৭ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং এটুআই প্রকল্পের ১৪ জন কর্মকর্তা ও কনসালট্যান্টকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে মন্ত্রণালয় পূর্ণ সহযোগিতা করছে। পাশাপাশি অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে ক্রয় কার্যক্রমে নিবিড় পরিবীক্ষণ চালু করা হয়েছে।
হাই-টেক পার্কে বিনিয়োগ ও মোবাইল গ্রাহকের হালনাগাদ তথ্য:
সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আরিফা সুলতানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে ৯০টি ডিজিটাল সেবা দেওয়া হচ্ছে। আইটি কোম্পানির জন্য কর অবকাশ, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে মাত্র ১ শতাংশ শুল্ক, বিদ্যুৎ ও পানিতে শতভাগ ভ্যাট অব্যাহতি এবং স্টার্টআপ ও ফ্রিল্যান্সারদের এক বছরের জন্য বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ও শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার্কস্টেশন সুবিধা দেওয়া হচ্ছে।
অপরদিকে, বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, দেশে চারটি মোবাইল অপারেটরের মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৫৪৬ জনে। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৭১ লাখ ৬০ হাজার ৯২৪, রবির ৫ কোটি ৯২ লাখ ৩৩ হাজার ৬৫, বাংলালিংকের ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৭ এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের গ্রাহক ৬৯ লাখ ২৫ হাজার ৪৯০ জন।
ইন্টারনেটের দাম, সর্বোচ্চ কলরেট ও প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট সংযোগ:
সংসদ সদস্য শামছুন্নাহার বেগমের প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম জানান, গ্রাহকস্বার্থে মোবাইল ভয়েস কলের বিদ্যমান সর্বোচ্চ ট্যারিফ (প্রতি মিনিট ২.০০ টাকা, ভ্যাট-শুল্ক ব্যতীত) আরও যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নামিয়ে আনার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। বর্তমানে রাষ্ট্রায়ত্ত টেলিটক সর্বনিম্ন ৪৫ পয়সা থেকে ৯৬ পয়সার বিভিন্ন ভয়েস প্যাকেজে সেবা দিচ্ছে। এছাড়া বিটিসিএলের জিপন (GPON) ব্রডব্যান্ড সেবায় মাসিক ৩৯৯ টাকায় ২০ এমবিপিএস এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ টাকায় ৫০ এমবিপিএস গতি দেওয়া হচ্ছে।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ জারিকৃত সংশোধিত 'এক দেশ এক রেট' নির্দেশনা অনুযায়ী ৫ এমবিপিএস ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৫০০ টাকা, ২০ এমবিপিএস ৮০০ টাকা এবং ৪০ এমবিপিএস ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং সেবার মান নিশ্চিতে 'গ্রেড অব সার্ভিস' (GoS) ও পেনাল্টি শর্ত যুক্ত করা হয়েছে। দুর্গম অঞ্চলে সংযোগ দিতে বান্দরবানের ৪৬টি স্কুলে এবং খাগড়াছড়ির ৫১টি স্কুলে ই-লার্নিং প্রকল্পের আওতায় লিও (LEO) স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ চলছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিটিসিএলের ১০০জি সক্ষমতার রাউটার স্থাপন ও ১৮টি ফ্রি ওয়াই-ফাই হটস্পট চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।
টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ, চরাঞ্চলে টাওয়ার ও ডাক বিভাগের আধুনিকায়ন:
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী করতে ও কলড্রপ কমাতে গ্রাম পর্যায়ে ৫জি সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ৪জি নিশ্চিতকরণ, জাতীয় মহাসড়কে কভারেজ বৃদ্ধি ও দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইটভিত্তিক নেটওয়ার্ক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি চায়না সরকারের সঙ্গে জি-টু-জি প্রকল্পসহ আরও ৮টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের উত্তরে তিনি জানান, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় মোট ১৮৭টি টাওয়ার (যার ১৭৯টি ৪জি) সচল রয়েছে এবং নদীবেষ্টিত চরাঞ্চলে শতভাগ নেটওয়ার্ক নিশ্চিতে সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) থেকে বিশেষ ভর্তুকির মাধ্যমে নতুন টাওয়ার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
এছাড়া ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে ভালুকা উপজেলায় ২৫৬ ক্যাপাসিটির টেলিফোন এক্সচেঞ্জ, ১০০জি রাউটার এবং ৫জি উপযোগী অপটিক্যাল ফাইবার ব্যাকবোন স্থাপনের তথ্য তুলে ধরেন মন্ত্রী। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে পাংশা ও বালিয়াকান্দি ডাকঘর সংস্কার, ‘আমার ডাক’ অ্যাপ ও ই-কমার্স ভিত্তিক ‘ডাক কমার্স’ চালুর পাশাপাশি দেশজুড়ে ডিজিটাল ডাকসেবা সম্প্রসারণের কথা জানান তিনি।
//ডিবিটেক/এসএমই/এমএসআই/এমভিএনও//





