জিডিপি পরিসংখ্যানে ফরেনসিক অডিট প্রতিবেদন
বিগত সরকারের আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছিল
- ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধি ০.৭-১.৩ শতাংশীয় পয়েন্ট বেশি দেখানো হয়েছে
- এনবিআর ও বিনিয়োগ বোর্ডসহ সরকারি প্রতিষ্ঠানের ৪০ শতাংশ তথ্যে গরমিল ছিল
- মানসম্মত ও সঠিক তথ্য নিশ্চিতে আয়ভিত্তিক জিডিপি হিসাব পদ্ধতি চালুর চিন্তা
দেশের সামষ্টিক অর্থনৈতিক তথ্যের স্বচ্ছতা যাচাইয়ে পরিচালিত ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় বাড়িয়ে দেখানোর তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের চেয়ে ০.৭ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছিল।
১৪ নভেম্বর, শনিবার জিডিপি প্রবৃদ্ধি নিয়ে ফরেনসিক অডিটের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে বক্তারা জানান, রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠার লক্ষ্যে প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছিল।
ফরেনসিক অডিটের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কখনো ৭ শতাংশের বেশি, আবার কখনো এর কাছাকাছি দেখানো হয়েছিল। এর মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশের কাছাকাছি পৌঁছে যায়। তবে করোনা মহামারির বছর ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৪৫ শতাংশে দাঁড়ায়। পরবর্তী সময়ে অর্থনীতিতে নানা সংকটের প্রভাবে ২০২২-২৩ অর্থবছর থেকে প্রবৃদ্ধির হার কমতে শুরু করে।
জিডিপি প্রবৃদ্ধির এসব পরিসংখ্যান নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল। ২০২৪ সালের নভেম্বরে অর্থনীতিবিষয়ক শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রকাশিত জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান সঠিক নয়।
সেমিনারে জানানো হয়, জিডিপি প্রবৃদ্ধির হিসাব তৈরিতে ব্যবহৃত তথ্যের ৬০ শতাংশ ছিল বিবিএসের নিজস্ব জরিপ থেকে পাওয়া, যেখানে কোনো হস্তক্ষেপ ছিল না। বাকি ৪০ শতাংশ তথ্য নেওয়া হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ বোর্ডসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে। এসব তথ্যে গরমিল ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, ২০১৪-১৫ অর্থবছরের পর জিডিপি প্রবৃদ্ধির তথ্যে অতিমূল্যায়ন বেশি ছিল। পতিত সরকার এসব পরিসংখ্যান ব্যবহার করে রাজনৈতিক বয়ান তৈরি করেছিল। তিনি উল্লেখ করেন, জরিপের বাইরে থেকে সংগ্রহ করা তথ্যগুলোতে গরমিল ছিল। বর্তমানে উৎপাদন ও ব্যয় পদ্ধতিতে জিডিপি হিসাব করা হয় এবং ভবিষ্যতে আয়ভিত্তিক হিসাব পদ্ধতি চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে। সরকারের কাছে জিডিপি কোনো সংখ্যা বা হাতিয়ার নয় উল্লেখ করে তিনি জানান, সরকার মানসম্মত ও সঠিক তথ্য নিশ্চিত করতে চায়।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাহবুব উল্লাহ এবং বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি ড. সৈয়দ শাহাদৎ হোসেন।
//ডিবিটেক/জেএইচপি/এসসিডিআরই/এফওইডি//





