জমি দখল ও ভাঙচুর অভিযোগে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
কুষ্টিয়া: জেলার দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানায় মামলাটি রুজু হয়। মামলা নম্বর ৩৪। […] The post জমি দখল ও ভাঙচুর অভিযোগে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়া: জেলার দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানায় মামলাটি রুজু হয়। মামলা নম্বর ৩৪। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে কেনেন ইদ্রিস আলী। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। তবে ওই জমি দখলের উদ্দেশ্যে আব্দুল হালিম টম বিভিন্ন সময় লোকজন নিয়ে তাকে উচ্ছেদ, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে ইদ্রিস আলী নিজ বাড়িতে অবস্থানকালে আব্দুল হালিম টমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। পরে টমের নির্দেশে অন্যরা বসতবাড়ি ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে (৫৫) মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তারা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।
এ ছাড়া, বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন বাদী। যাওয়ার সময় অভিযুক্তরা তাদের ওই জমির আশপাশে দেখলে পুরো পরিবারকে হত্যা ও গুম করার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ইদ্রিস আলীর দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে উলটো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম টম তার বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে জানতে পারেন, তার কেনা জমিটি আব্দুল হালিম টম তার মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন।
এজাহারে আরও বলা হয়েছে, জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে ফের কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি আব্দুল হালিম টমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হতে পারে বলেও লোকমারফত জানতে পেরেছেন বলে দাবি করেন ইদ্রিস।
বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তার দাবি, প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে ঘটনার পরপরই থানা বা আদালতে যাওয়ার সাহস পাননি। পরে নতুন করে মিথ্যা মামলায় জড়ানোর আশঙ্কা তৈরি হলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করেন।
ইদ্রিস আলী বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে বসবাস করি। আমি থানায় বিচারের আশায় মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে এমপি নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘জমি দখল, ভাঙচুর, মারধরের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। এসআই মহাসিন তদন্ত করেছেন। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
The post জমি দখল ও ভাঙচুর অভিযোগে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





