বিপিও সামিটে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঘোষণা
অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা থেকে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতি দূর করা সম্ভব
চট্টগ্রামে অনুষ্ঠিত বিপিও সামিট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আইটি খাতের পলিসি মেকিং এবং ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নে গৃহীত বিভিন্ন প্রযুক্তির কথা তুলে ধরেন।
তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন ও যুগোপযোগী অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা খাত থেকে সব ধরনের মধ্যস্বত্বভোগী ও দুর্নীতির অবসান ঘটানো সম্ভব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
২০ জুন, শনিবার চট্টগ্রামে খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘হোয়ার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি’। তরুণ প্রজন্মকে নতুন বাংলাদেশ গড়ার চালিকাশক্তি উল্লেখ করে তিনি আইটি খাতের টেকসই উন্নয়নে মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা ও তরুণদের সেন্টিমেন্ট বুঝে বেসরকারি খাতকে সাথে নিয়ে নীতিমালা বা পলিসি মেকিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, জনসাধারণের ভোগান্তি দূর করতে ভূমি মন্ত্রণালয়ের সর্বোচ্চ সেবা এখন পুরোপুরি অনলাইন ও অটোমেটেড করা হয়েছে। নাগরিকরা এখন ঘরে বসেই ‘ভূমি’ (BHUMI) অ্যাপের মাধ্যমে ট্যাক্স প্রদান ও নামজারিসহ বিভিন্ন আবেদন ও অভিযোগ দাখিল করতে পারছেন। যারা অনলাইনে অভ্যস্ত নন, তাদের জন্য দেশব্যাপী ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ
ছাড়া কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘জিও ফেন্সিং’ (Geo-fencing) প্রযুক্তির আওতায় ‘ভূমি দৃষ্টি’ নামে একটি অ্যাপের পাইলটিং শুরু হয়েছে, যার মাধ্যমে কোনো কর্মকর্তা অফিস চলাকালীন কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয় লাল সংকেত চলে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব আবদুল্লাহ আল মামুন, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিমসহ সংগঠনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/আরকে/ইকে//





