বিপরীত মেরুতে উত্তরাঞ্চলের কৃষক: মাঠে বেগুন ৪ টাকা, বাজারে ২০ টাকা

রংপুর: রংপুর অঞ্চলে সবজির বাজারদর ধসে পড়েছে। ভালো ফলনের কারণে বেগুন, লাউ, ফুলকপির মতো সবজির দাম উৎপাদন ব্যয় থেকেও নিচে নেমে গেছে। কৃষকেরা চরম লোকসানের মুখে পড়েছেন। কিন্তু এই কম দামের সুফল ভোক্তারা পাচ্ছেন না। খুচরা বাজারে দাম কয়েকগুণ বেশি থাকায় পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের বিষয়টি আবারও প্রশ্নের মুখে পড়েছে। ১ মাস আগেও রংপুরের […] The post বিপরীত মেরুতে উত্তরাঞ্চলের কৃষক: মাঠে বেগুন ৪ টাকা, বাজারে ২০ টাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বিপরীত মেরুতে উত্তরাঞ্চলের কৃষক: মাঠে বেগুন ৪ টাকা, বাজারে ২০ টাকা
১৪ নভেম্বর, ২০২৬ ১৩:০০  

রংপুর: রংপুর অঞ্চলে সবজির বাজারদর ধসে পড়েছে। ভালো ফলনের কারণে বেগুন, লাউ, ফুলকপির মতো সবজির দাম উৎপাদন ব্যয় থেকেও নিচে নেমে গেছে। কৃষকেরা চরম লোকসানের মুখে পড়েছেন। কিন্তু এই কম দামের সুফল ভোক্তারা পাচ্ছেন না। খুচরা বাজারে দাম কয়েকগুণ বেশি থাকায় পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা ও মধ্যস্বত্বভোগীদের বিষয়টি আবারও প্রশ্নের মুখে পড়েছে।

১ মাস আগেও রংপুরের পীরগঞ্জের চতরা এলাকার কৃষক মিজানুর রহমান কেজিপ্রতি ৪০-৪৫ টাকায় বেগুন বিক্রি করেছেন। এই সপ্তাহে সেই বেগুনের দাম ৪-৫ টাকায় নেমে এসেছে, যা কেজিপ্রতি উৎপাদন খরচ (প্রায় ৭ টাকা) থেকেও কম। ৪৫ বছর বয়সি এই কৃষক বলেন, ‘ফলন ভালো হয়েছে, কিন্তু দাম একেবারে পড়ে গেছে। বিনিয়োগের টাকা কীভাবে তুলব, ঋণ শোধই বা করব কীভাবে, বুঝতে পারছি না।’

গত বছর তিন বিঘায় আগাম বেগুন চাষ করে মিজানুর ১ লাখ ২৫ হাজার টাকা লাভ করেছিলেন। এবারও একই ধরনের আয়ের আশায় ঋণ নিয়ে চাষ করেছেন। কিন্তু সার ও সেচের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় তার উৎপাদন ব্যয় গত বছরের ১ লাখ ৫২ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৮০ হাজার টাকায় দাঁড়িয়েছে। তিনি আশঙ্কা করছেন, এতে তার ৪০ থেকে ৪৫ হাজার টাকা লোকসান হতে পারে।

শুধু মিজানুর নন, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীর কৃষকরাও একই ধরনের লোকসানের কথা জানিয়েছেন। মৌসুমের শুরুতে ভালো দাম পেলেও পরে দাম উৎপাদন খরচের নিচে নেমে গেছে।

ফলন বেশি, দাম কম: কারণ কী
কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) কর্মকর্তারা বলছেন, ভালো আবহাওয়া, বিশেষ করে কম বৃষ্টিপাত ফলন বাড়িয়েছে এবং দাম কমে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৭ শতাংশ ও অক্টোবরে ৬৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে. এম. কামরুল হাসান জানান, রংপুরে অক্টোবরে বৃষ্টি হয়েছে ২৭ মিলিমিটার, আগের বছর যা ছিল ১০৯ মিলিমিটার।

ডিএইয়ের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল বলেন, ‘দেশে একই পরিমাণ জমিতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সবজি উৎপাদিত হয়েছে। চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় সবজির দাম ও কৃষকের আয়—দু’টিই কমেছে।’

বেড়েছে উৎপাদন ব্যয়
ফলন বেশি হয়ে দাম কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন খরচ বাড়ায় কৃষকেরা আরও চাপে পড়েছেন। ডিএইয়ের কর্মকর্তা ও কৃষকরা জানান, শ্রমিকের খরচের সঙ্গে সার, কীটনাশক ও ডিজেলের দামও বেড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য বলছে, দেশের মোট ডিজেল ব্যবহারের প্রায় ১৫ শতাংশ হয় কৃষিতে, প্রধানত সেচের কাজে।

এদিকে কয়েকটি জেলার কৃষক অভিযোগ করেছেন, অনুমোদিত ডিলাররা সার সরবরাহ সীমিত করে রেখেছেন, ফলে তারা খোলাবাজার থেকে সার কিনতে বাধ্য হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন, সরকারি দরের চেয়ে বস্তাপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে তাকে সার কিনতে হয়েছে।

রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এস. এম. আবু বকর সাইফুল ইসলামের হিসাবে, রংপুরে আগাম মৌসুমের চার সবজির চাষের খরচ ১৫ থেকে ২৫ শতাংশ বেড়েছে। ফুলকপির উৎপাদন খরচ বিঘাপ্রতি গত বছরের ৪৮ থেকে ৫০ হাজার টাকা থেকে বেড়ে এ বছর ৫৫ থেকে ৬০ হাজার টাকা হয়েছে। একইভাবে মুলার খরচ বেড়েছে ৫-৮ হাজার টাকা, বেগুনের ৬-৭ হাজার টাকা ও লাউয়ের ৫-৬ হাজার টাকা।

মাঠে দাম কম, বাজারে কেন বেশি
পাইকারি দাম কম থাকলেও ভোক্তাদের খুচরা বাজারে এখনো তুলনামূলক বেশি দাম গুনতে হচ্ছে। রংপুরের সিটি বাজারের সবজি আড়তদার আকবর আলী বলেন, ‘কৃষক বেগুন বিক্রি করছেন কেজিপ্রতি ৪ টাকায়, অথচ একই বেগুন খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬ থেকে ২০ টাকায়।’

বাজারের তথ্য বলছে, গত ১০ নভেম্বর রংপুরে বেগুনের দাম ছিল কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা, এক বছর আগে যা ছিল ৪০ থেকে ৬০ টাকা। ঝিঙার দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা, আগের বছর ছিল ৪০ থেকে ৪৫ টাকা। দাম কমেছে মিষ্টিকুমড়ারও।

আকবর আলী আরও বলেন, ‘ঢাকা ও অন্যান্য স্থান থেকে এই অঞ্চলে সবজি কিনতে আসা ব্যবসায়ীর সংখ্যা আগের বছরগুলোর তুলনায় ৭০ থেকে ৮০ শতাংশ কমে গেছে। স্থানীয় সবজির বেশির ভাগ এখন রংপুর অঞ্চলের মধ্যেই বিক্রি হচ্ছে, ফলে দামে নিম্নমুখী চাপ আরও বাড়ছে।’

রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এস. এম. আবু বকর সাইফুল ইসলাম বলেন, ‘সরবরাহ শৃঙ্খল, মধ্যস্বত্বভোগী ও বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণের অভিযোগ আছে। কৃষক যদি বর্তমান দামের দুই-তিন গুণও পেতেন, তাহলে তাদের লোকসান গুনতে হতো না।’

লাউ-ফুলকপিতেও একই দুর্দশা
রংপুর সদর উপজেলার মমিনপুরের ৬০ বছর বয়সি কৃষক নিতাই চন্দ্র দাস চার বিঘায় লাউ চাষ করেছেন। আশা ছিল লাউ ও লাউ শাক বিক্রি করে ১ লাখ ৫০ হাজার টাকা আয় করবেন। দুই সপ্তাহ আগে প্রতিটি লাউ ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করেছেন। তবে এখন দাম নেমে এসেছে ৩ থেকে ৪ টাকায়; কখনো কখনো এই দামেও ক্রেতা মেলে না। এক বছরে তার বিঘাপ্রতি চাষের খরচ ৩৪ হাজার টাকা থেকে বেড়ে ৪৫ হাজার টাকা হয়েছে। তার হিসাবে লোকসান হবে ৪৫ হাজার টাকা।’

তিনি বলেন, ‘গাছে রেখে দিলে লাউ পচে যাবে, আবার তুলতে গেলে শ্রমিকের মজুরি দিতে হবে। আমরা এখন উভয়সংকটে।’

সদরের খাসবাগের ৭০ বছর বয়সি কৃষক সুলতান আলী দুই বিঘায় ৮ হাজার ৪০০ আগাম ফুলকপির চারা লাগিয়েছেন, খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। প্রতিটি কপির ওজন প্রায় ৭০০ গ্রাম, উৎপাদন খরচ পড়ছে ১৩ থেকে ১৪ টাকা। অথচ তিনি বিক্রি করছেন ১০ থেকে ১১ টাকায়। গত বছর উৎপাদন খরচ ১০-১১ টাকার বিপরীতে তিনি দাম পেয়েছিলেন ২৫ থেকে ২৭ টাকা।

সুলতান আলী বলেন, ‘তিন সপ্তাহ আগে ফুলকপি তোলা শুরু করেছি। তখন উৎপাদন কম ছিল, প্রতিটি ৫০-৫৫ টাকায় বিক্রি করেছি। ভেবেছিলাম এবার ভালো লাভ হবে। কিন্তু এখন খরচের চেয়েও কম দাম পাচ্ছি।’

The post বিপরীত মেরুতে উত্তরাঞ্চলের কৃষক: মাঠে বেগুন ৪ টাকা, বাজারে ২০ টাকা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.