ই-ক্যাব নির্বাচনে আত্মপ্রকাশ করছে টিম টাইগার

ই-ক্যাব নির্বাচনে আত্মপ্রকাশ করছে টিম টাইগার
১০ মে, ২০২৫ ১১:৪৪  
১০ মে, ২০২৫ ২১:০৮  

আগামী ৩১ মে অনুষ্ঠিতব ই-ক্যাব দ্বিবার্ষিক নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৬ জন প্রার্থী, যাদের মধ্যে ২৭ জনই নতুন মুখ। সংগঠনের মোট ২৮৪২ জন সদস্যের মধ্যে এবার ভোটার হয়েছেন ৫০২ জন। এদের নিয়েই শনিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ই-ক্যাব ২০২৫-২৭ ভোটের ‘ভোটার ও প্রার্থী মিট অ্যান্ড গ্রিট’। তবে ই-ক্যাব কিংবা নির্বাচন কমিশন থেকে এই আয়োজন করা না হলেও অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোটারদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। ‘কেমন ই-ক্যাব চাই’ নামের এই অনুষ্ঠানে প্রশাসক উপসচিব মোঃ সাঈদ আলী উপস্থিত থাকবেন বলেও জানাগেছে।

এমন পরিস্থিতে  ডিজিটাল কমার্স উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) দ্বি-বার্ষিক নির্বাচনে গঠিত হয়েছে আরো একটি প্যানেল। টিম ইউনাইটেডের পরে জানা গেলো ‘টিম টাইগার’ নামে আরেকটি প্যানেলে পরিচালক পদে নির্বাচনে জোট বেঁধেছেন ১১জন প্রার্থী। 

প্যানেলের নেতৃত্বে দিচ্ছেন ই-ক্যাবের ১৯০৪ নম্বর সদস্য ও ২৮৫ নম্বর ভোটার এবং গ্রীন ডাটা লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান। প্রার্থীদের মধ্যে এই টিম গঠনের অগ্রণী ভূমিকা রাখেছেন আগেও ই-ক্যাবে পরিচালকের দায়িত্ব পালনকারী সংগঠনের ৪৪৪ নং সদস্য ও চালডাল ডটকমের সহ-প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ। এবার তার ভোটার নং ৫৬। প্যানেলে একমাত্র নারী প্রর্থী হিসেবে আছেন মেনসেন মিডিয়ার স্বত্ত্বাধিকারী তৌহিদা হায়দার (সদস্য নং ১৭৩, ভোটার নং ২২)।

এছাড়াও টিমের অপর সদস্যরা হলেন- অদম্য প্রকাশের স্বত্ত্বাধিকারী মো. নাজিব উল্লাহ (সদস্য নং ৫১৩, ভোটার নং ৬২); আমার গেজেট ডটকমের স্বত্ত্বাধিকারী মো. সাইফুল ইসলাম (সদস্য নং ৫৪৪, ভোটার নং ৬৯), টাকশাল ডটকমের স্বত্ত্বাধিকারী মো. মাহাবুব হাসান (সদস্য নং ৬১২, ভোটার নং ৭৮); ফার্নিকমের স্বত্ত্বাধিকারী ময়নুল হোসেন (সদস্য নং ১৩৪৬, ভোটার নং ১৮৫); ইপাইকার এক্সটেনসিভ লিমিটেডের চেয়ারম্যান শেখ শাফায়াত হোসেন (সদস্য নং ১৭৩৩, ভোটার নং ২৪৬); লন্ডন বাজার বিডির স্বত্বাধিকারী আব্দুস ছালাম (সদস্য নং ২৬৪৭, ভোটার নং ৪৫২); এটোভা টেকনোলজির স্বত্ত্বাধিকারী ফেরদৌস আলম (সদস্য নং ২৭৭৯, ভোটার নং ৪৮১) এবং টপ মোরের স্বত্ত্বাধিকারী কাজী মুকিতুজ্জামান (সদস্য নং ২৮১০, ভোটার নং ৪৯১)।  

টিমটি এখনো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ না করলেও এর সদস্যরা জানিয়েছেন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নে দেশের ই-কমার্স খাতকে সর্বোচ্চ কাজে লাগানো এবং ই-ক্যাবের সদস্যদের অর্থায়ন, প্রশিক্ষণসহ সামগ্রিক ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করাই তাদের মূল লক্ষ্য। 

সূত্রমতে, দু’-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে টিম টাইগার। 

নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান। অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।

ই ক্যাব ভোটে টিম ইউনাইটেড এর আত্মপ্রকাশ