এক্সএআইয়ের কয়েক’শ কর্মী ছাঁটাই

এক্সএআইয়ের কয়েক’শ কর্মী ছাঁটাই
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৫৫  

ইলন মাস্কের প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই তাদের বৃহত্তম ডাটা অ্যানোটেশন টিম থেকে অন্তত ৫০০ কর্মী ছাঁটাই করেছে। এ দলটি কোম্পানির গ্রোক ৩ চ্যাটবট উন্নয়নে সহায়তা করে থাকে। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে কর্মীদের ইমেইলের মাধ্যমে জানানো হয় যে সাধারণ এআই টিউটর টিম সংকুচিত করা হবে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিভিন্ন খাতে নিয়োগ দিচ্ছে এবং বিশেষায়িত এআই টিউটর টিম দশগুণ বাড়ানোর পরিকল্পনা করছে।

ডাটা অ্যানোটেশন টিম মূলত গ্রোককে বিশ্বের নানা প্রেক্ষাপট বোঝাতে এবং এলোমেলো তথ্য শ্রেণিবিন্যাস করতে সহায়তা করে। ছাঁটাই হওয়া কর্মীদের চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বেতন দেওয়া হবে। তবে ছাঁটাইয়ের দিন থেকেই তাদের কোম্পানির সিস্টেমে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে গত জুলাই মাসে এক্সএআই–এর অর্থ বিভাগের প্রধান মাইক লিবারাতোরো মাত্র কয়েক মাস দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠান ছেড়ে যান বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

মাস্ক ২০২৩ সালে এক্সএআই চালু করেন, যার লক্ষ্য ছিল বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রমের মোকাবিলা করা। তিনি প্রায়ই অভিযোগ করে আসছেন, প্রতিদ্বন্দ্বীরা অতিরিক্ত সেন্সরশিপ করছে এবং নিরাপত্তা মানদণ্ড উপেক্ষা করছে।

ডিবিটেক/বিএমটি