ইউনেট স্পিকআপ বাংলাদেশ সিজন ২ চ্যাম্পিয়ন আদিবা সুলতানা আলিফা
বাংলাদেশের তরুণদের ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “ইউনেট স্পিকআপ বাংলাদেশ সিজন ২”-এর গ্র্যান্ড ফিনালে সফলভাবে সম্পন্ন হয়েছে। ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক (ইউনেট)-এর উদ্যোগে এবং সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের আদিবা সুলতানা আলিফা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
দেশের তরুণদের ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “ইউনেট স্পিকআপ বাংলাদেশ সিজন ২”-এর গ্র্যান্ড ফিনালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (সিইউবি) এই জমকালো চূড়ান্ত পর্বের আয়োজন করে বাংলাদেশভিত্তিক বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট’। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতাটি অনলাইন রেজিস্ট্রেশন, পাবলিক স্পিকিং বিষয়ক বিশেষ অনলাইন ওয়ার্কশপ, ভিডিওভিত্তিক প্রাথমিক রাউন্ড এবং সবশেষে ঢাকায় গ্র্যান্ড ফিনালের মাধ্যমে সম্পন্ন হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের আদিবা সুলতানা আলিফা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মালিহা আলম প্রথম রানার-আপ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর টিএম ওয়ালিউল্লাহ তুর্য দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক। তিনি তরুণদের আত্মবিশ্বাসী ও দক্ষ নেতৃত্বে গড়ে তুলতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইভেন্ট হোস্ট ও ট্রেইনার ইশা খান; সমাজকর্মী, লেখক ও গবেষক অদ্রিকা এশনা পুর্বাশা; সিইউবি-এর স্কুল অব বিজনেস-এর প্রভাষক ফারিহা বাসার এবং ওয়াই ওয়াই ভেঞ্চার-এর অ্যাসোসিয়েট ফাইরানা আফসানা।
ইউনেট-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং প্রতিযোগিতার ইভেন্ট অ্যাডভাইজার মুহাম্মাদ আলতামিশ নাবিল পাবলিক স্পিকিংকে বর্তমান বিশ্বের একটি অত্যাবশ্যকীয় সক্ষমতা হিসেবে উল্লেখ করে বলেন, “স্পিকআপ বাংলাদেশ-এর মাধ্যমে আমরা এমন এক প্রজন্ম তৈরি করতে চাই, যারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ভাবনা তুলে ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। ভবিষ্যতে আমরা এই প্ল্যাটফর্মকে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সম্প্রসারণ করতে চাই।”
ইউনেট-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও এবং ইভেন্ট ডিরেক্টর মাহির আসেফ এবারের সিজনকে আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ ও প্রভাবশালী বলে দাবি করেন। অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনেট-এর ক্রিয়েটিভ হেড এবং সিইউবি ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম। স্বেচ্ছাসেবক, আয়োজক ও পার্টনারদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, ইউনেট তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কর্পোরেট, উদ্যোক্তা ও সামাজিক খাতে সফলভাবে এগিয়ে যেতে সহায়তা করে আসছে।
//ডিবিটেক/এএন/ ইকে//





