সাংবাদিকতায় এআই ব্যবহার নিয়ে প্রথম দিনে যা শিখলেন ডিআরইউ সদস্যরা

সাংবাদিকতায় এআই ব্যবহার নিয়ে প্রথম দিনে যা শিখলেন ডিআরইউ সদস্যরা
২৬ ডিসেম্বর, ২০২৫ ২০:০৩  
২৭ ডিসেম্বর, ২০২৫ ০০:৫৪  

২৭ ডিসেম্বর, শনিবার বিকেলে শেষ হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য গেমপ্লিফাই আয়োজিত সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার: সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং ডিজিটাল সুরক্ষা বিষয়ক কর্মশালা। ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে চলমান দুই দিনের এই কর্মশালার সমাপনীতে উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শুক্রবার প্রথম দিনের প্রথম সেশনে সাংবাদিকতায় প্রম্ট লেখার কৌশল, পেশাদারিত্বের মানউন্নয় ও দাক্ষতা বাড়াতে গুগল এলএলএম এর ব্যবহার এবং এআই ব্যবহার করে অডিও ট্রান্সক্রিপশন, বানানা এআই দিয়ে ছবি, অডিও ও ভিডিও তৈরির কৌশল হাতে কলমে শিখিয়েছেন ঢাকা পোস্টের হেড অব নিউ ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। তিনি বলেন, এআই সাংবাদিকদের বিকল্প নয়। সহায়ক টুলস। তাই এই টুলসটি কাজের বুয়া না ওয়াশিং মেশিনের মতো কাজ করবে তা নির্ভর করবে প্রম্পটের ওপর। এআইকে নিজের চাহিদাটা বোঝাতে পারলেই খুব কম সময়ে অনেক কাজ সেরে ফেলার পাশাপাশি প্রতিবেদনের পরিকল্পনা, তথ্য সংগ্রহ ও যাচাই করা খুবই সহজ হয়। এজন্য প্রম্পট লেখার সময় এআইকে দিয়ে করিয়ে নেয়া কাজের বিষয়; লক্ষ্য ও উদ্দেশ্য, ধরণ, তথ্যের উৎস, সাংবাদিকতার নীতি: নিরপেক্ষতা, সত্যতা, সংবেদনশীলতা, জনমুখীতা কিংবা কাঠামো উল্লেখ করে দিতে হবে। প্রম্পট যত ভালো হবে ততো ভালো ফল পাওয়া যাবে।  

দুপুরে কাহুতপাই গেইম খেলে শুরু হয় এআই পাওয়ার্ড ইন জার্নালিজম এর দ্বিতীয় সেশন- ডাটা ভিত্তিক সাংবাদিকতা। ক্লাসে মিথ্যার তিনটি চরিত্র বিশ্লেষণ করে ডেটাভিত্তিক সাংবাদিকতার পিচ্ছিল পথে  দৃঢ় পায়ে হেঁটে চলার কৌশল শেখান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম। উপাত্ত কিভাবে ম্যানুপুলেট হয় এবং উদ্দেশ্যমুখী বয়ান তৈরি করে সেই বিষয়টিও চকলেট বিষয়ক গবেষণার মাধ্যমে বুঝিয়ে দেন প্রাঞ্জল ভাষায়। মালিহা বলেন, মিথ্যা হচ্ছে তিন প্রকার। মিথ্যা, ঘোরতর মিথ্যা, স্ট্যাটিসটিক বা পরিসংখ্যানগত মিথ্যা। তাই উপাত্তকেও যাচাই করে সংখ্যা দিয়ে গল্প বানানোর রহস্য তুলে ধরেন তিনি। হাতে কলমে ফ্লারিশ এআই, ন্যাপকিন এআই, গুগল পিন পয়েন্ট এবং ডেটা পিন পয়েন্টিং অ্যান্ড সোর্স ম্যাপিং টুল ব্যবহার করে কিভাবে শুধু ডেটার ওপর ভিত্তি না করে কনটেক্সট ও এর ইন্টারিপ্রিটেশন নিয়ে প্রতিবেদন লেখা যায়, প্রতিবেদন অনুযায়ী তা পাঠকের কাছে নানা মাত্রিকতায় ও আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা হয় সে বিষয়ে আলোকপাত করেন বিইউপি সহযোগী অধ্যাপক মালিহা তাবাসসুম।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে দেওয়া স্বাগত বক্তব্যে গেমপ্লিফ্লাই এক্সওয়াইজেডের গেমপ্লিফাইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মশিউর রহমান বলেন, আজ আপনারা এমন এক সময় সাংবাদিকতা করছেন, যখন খবরের গতি আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত, কিন্তু একই সঙ্গে ভুল তথ্যের বিস্তারও আগের যেকোনো সময়ের চেয়ে ভয়ংকর। এ বাস্তবতায় এআই আপনাদের জন্য একদিকে বিশাল সুযোগ, আবার অন্যদিকে বড় ঝুঁকি।'

'একটি বিষয় আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এআই কখনোই সাংবাদিকদের বিকল্প নয়, এটি সাংবাদিকের শক্তি বাড়ানোর একটি টুল মাত্র। এআই আমাদেরকে ট্রেন্ড দেখাতে পারে, ডেটার ভিতরে লুকিয়ে থাকা স্টোরির সম্ভাবনা ধরতে পারে, এমনকি এমন প্যাটার্ন দেখাতে পারে যা আপনাদের চোখ এড়িয়ে যাবে। কিন্তু মাঠের বাস্তবতা বোঝা, মানুষের আবেগ পড়া এবং নৈতিক সিদ্ধান্ত নেওয়া এই দায়িত্ব সবসময় সাংবাদিকের।'

'সাংবাদিকতায় নানা কারণেই আজ ইথিক্স ভেরিফিকেশন এবং ডিজিটাল সেফটি এ তিনটি বিষয় সাংবাদিকতার মূল স্তম্ভ হয়ে উঠেছে। আমরা চাই বাংলাদেশের সাংবাদিকরা শুধু দেশ পরিসরে সীমাবদ্ধ না থাকুক বরং বিশ্বমানের ডিজিটাল সাংবাদিক। 

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সভাপতিত্বে উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখেন গেমপ্লিফাইয়ের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান। কর্মশালা পরিচালনা করেন ডিআরইউ'র তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল। সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডিআরইউ সদস্য মোহাম্মদ ইমাম হোসাইন সোহেল।

প্রশিক্ষণার্থীদের উদ্বুদ্ধ করতে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, সাংগঠনিক সগম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. মাজাহারুল ইসলাম।

ডিবিটেক/আইএইচ/ইক