এমআইএসটি কমান্ড্যান্ট হলেন হাকিমুজ্জামান
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। সেই পরিবর্তনের ফলে সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) কমান্ড্যান্ট থেকে মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর তার স্থলে দায়িত্ব দেয়া হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্বে থাকা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে।
২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেনাসদর থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রমতে, বাকি চারটি পদের রদবদল অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কিউএমজির দায়িত্বে থাকা লে. জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। লে. জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।
এছাড়া ১৯ পদাতিক ডিভিশন থেকে মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি, রবিবার লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) থেকে সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করা হয়। আর সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়। পিএসও হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি) থেকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
প্রসঙ্গত, সদ্য নিযুক্ত এমআইএসটি কমান্ড্যান্ট মোহাম্মাদ হাকিমুজ্জামান ১৯৯২ সালের ২০ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স কর্পসে ২৭তম বিএমএ লং কোর্স থেকে কমিশন লাভ করেন। তিনি ১৮তম ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এবং ৮৮তম পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্মি ওয়ার গেমস সেন্টারের অগ্রণী প্রধান অপারেশন অফিসার ছিলেন। সবশেষ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিবিটেক/এফএ/ইকে







