র্যাগিংমুক্ত পরিবেশ গড়ার আহ্বান
যবিপ্রবির রসায়ন বিভাগে নবীনবরণ
- নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বিদায়ীদের ক্রেস্ট ও ফুলে সংবর্ধনা
- সিনিয়র-জুনিয়র সম্পর্কে সৌহার্দ্য ও র্যাগিংমুক্ত পরিবেশের ওপর গুরুত্ব
- আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ববিদ্যালয় জীবনে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং জ্যেষ্ঠ-কনিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে র্যাগিংমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
১২ অক্টোবর, সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করে রসায়ন বিভাগ। এতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে নতুন পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া এবং বিচার-বিবেচনা ও মেধাকে যথাযথভাবে কাজে লাগানো অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠা উচিত। তবে কোনোভাবেই ভয়ভীতি বা র্যাগিংয়ের পরিবেশ কাম্য নয়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের জ্ঞান ও আলোর কেন্দ্র। এখান থেকে ইতিবাচক গুণাবলি গ্রহণ করে শিক্ষার্থীদের নিজেদের সমৃদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিত নয়; প্রকৃত শিক্ষা মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনে।
তিনি জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক স্নেহ, শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন।
অনুষ্ঠানে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কোরবান আলী, ড. সুমন চন্দ্র মোহন্তসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় রসায়ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
//ডিবিটেক/জেএনএইচ/এসএমই/এমআইএসটি//





