চীন ও সিঙ্গাপুরের পর বাংলাদেশে চালু হলো অনারের 'আলফা স্টোর'

বাংলাদেশে চালু হলো ‘অনার আলফা’

  • চীনের পর বাংলাদেশে নিজেদের প্রিমিয়াম ‘অনার আলফা স্টোর’ চালু করেছে স্মার্টফোন ব্র্যান্ড অনার
    বাংলাদেশে চালু হলো ‘অনার আলফা’
    ১০ অক্টোবর, ২০২৬ ১০:৫৪  

    চীন ও সিঙ্গাপুরের সফল যাত্রার পর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রিমিয়াম রিটেইল শপ ‘অনার আলফা স্টোর’ চালু করেছে চীনা স্মার্টফোন ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অনার। রাজধানীর যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় স্থাপিত এই স্টোরটি মূলত অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে কাজ করবে।

    স্টোরটিতে অনারের হালনাগাদ মডেলের প্রিমিয়াম স্মার্টফোনের পাশাপাশি সাউন্ড বক্স, হেডফোন, এয়ার ফ্রাইয়ার, ট্যাবলেট কম্পিউটার, ইয়ারফোন, স্মার্ট ওয়াচ ও পাওয়ার ব্যাংক পাওয়া যাবে। তাছাড়াও, ভবিষ্যতে বাংলাদেশের বাজারে আসতে যাওয়া অনারের বিশ্বখ্যাত রোবট ফোন, স্মার্ট অডিও সানগ্লাস, টেলিভিশন, গেম কন্ট্রোলার, স্মার্ট গিটার ও ল্যাপটপের লাইভ এক্সপেরিয়েন্স নেওয়ার সুবিধা রয়েছে।

    স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও জানান, বাংলাদেশে নতুন এই রিটেইল অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে তারা আনন্দিত এবং এটি অনারের প্রযুক্তিগত অগ্রগতির বাস্তব প্রতিফলন। অনার বাংলাদেশের পরিচালক সৈয়দ মোহাম্মদ বদরুল আরেফিন জানান, অনার রোবট ফোনটি চীনের পর একমাত্র এই আলফা স্টোরটিতে এসে বাংলাদেশের ব্যবহারকারীরা ব্যবহারের সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন।

    ৯ অক্টোবর, শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ হাসান, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল প্রধান লিউ পেই হেইলি এবং অনার বাংলাদেশের ব্যবসাপ্রধান আবদুল্লাহ আল মামুন।

    //ডিবিটেক/ এআইএফ/এসএমই/বিপিও//