সক্ষমতার ঘাটতির চেয়ে বড় চ্যালেঞ্জ কার্যকর সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ

বাজার মনিটরিংয়ে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়ের তাগিদ বাণিজ্য সচিবের

 বাজার মনিটরিং কার্যক্রমকে আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ দিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। তিনি মাঠপর্যায়ে দ্রুত উপস্থিতি ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

বাজার মনিটরিংয়ে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়ের তাগিদ বাণিজ্য সচিবের
৫ জুলাই, ২০২৬ ২২:৪৩  

বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ দিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৫ জুলাই, রবিবার অনুষ্ঠিত বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

বাণিজ্য সচিব উল্লেখ করেন, বাজার মনিটরিং কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। এর পাশাপাশি সরকারের আরও কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থাও কাজ করে। বাস্তবে এটি সব দপ্তর ও সংস্থার সমন্বিত দায়িত্ব। মাঠপর্যায়ে দ্রুত উপস্থিতি, সমন্বিত কার্যক্রম এবং দায়িত্বশীলভাবে কাজ সম্পন্ন করাই এ ব্যবস্থার মূল শক্তি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সেবাস্টিন রেমা। এ ছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানই একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। এখানে সক্ষমতার ঘাটতির চেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা।

বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়, আন্তরিক সহযোগিতা এবং টিম লিডারদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, মোটিভেশন কেবল ধারণা নয়, এটি বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর কর্মপদ্ধতির মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা সম্ভব।

টিম লিডারদের উদ্দেশে বাণিজ্য সচিব বলেন, নেতৃত্ব হতে হবে দক্ষ, সময়োপযোগী ও ফলাফলনির্ভর। মাঠপর্যায়ে যেকোনো সমন্বয়হীনতা দ্রুত সমাধান করে কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে হবে। প্রতিটি বিভাগের ছোট ছোট সফল উদ্যোগই সামগ্রিক বাজার ব্যবস্থাপনাকে শক্তিশালী করে। তাই প্রতিটি কর্মকর্তার পেশাদারত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

//ডিবিটেক/জেএনও/এসএমআই//