হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর, হাসপাতালগুলোকে নির্দেশ ঔষধ প্রশাসনের

ঔষধ প্রশাসন অধিদপ্তর হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন কোরোনারি স্টেন্টের নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে। হাসপাতালগুলোকে নতুন মূল্য তালিকা প্রদর্শন, এমআরপি অনুসরণ এবং পৃথক ক্যাশমেমো প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

হার্টের রিংয়ের নতুন দাম কার্যকর, হাসপাতালগুলোকে নির্দেশ ঔষধ প্রশাসনের
৯ জুন, ২০২৬ ১৬:০২  

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত কোরোনারি স্টেন্ট বা হার্টের রিংয়ের নতুন মূল্য কার্যকর করতে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নতুন মূল্য তালিকা অনুযায়ী বিভিন্ন ধরনের স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী অ্যালেক্স প্লাস, অ্যালেক্স ও আবারিস স্টেন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার টাকা। কোরোফ্লেক্স আইএসএআর নিও ৫২ হাজার টাকা এবং কোরোফ্লেক্স আইএসএআর ও আমাজনিয়া স্যার ৫০ হাজার টাকা।

ম্যাগমা স্টেন্টের মূল্য ৩০ হাজার টাকা, সুনা স্টেন্ট ডেলিভারি সিস্টেম ১৪ হাজার টাকা, সিআরই ৮ স্টেন্ট ৫০ হাজার টাকা এবং অ্যাভান্ট-গার্ড ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ডাইরেক্ট-স্টেন্ট সিরো-সিরোলিমাস ইলিউটিং কোরোনারি স্টেন্ট, সেলোসিয়া আচ্ছাদিত স্টেন্ট এবং সিলিন আচ্ছাদিত স্টেন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার টাকা করে। ওর্সিরো স্টেন্টের দাম ৬০ হাজার টাকা এবং ওর্সিরো মিশনের দাম ৬৫ হাজার টাকা।

এছাড়া প্রো-কাইনেটিক এনার্জি ২০ হাজার টাকা, আইট্রিক্স র‍্যাপামাইসিন ৩৬ হাজার টাকা, আর্থোস পিকো ১৫ হাজার টাকা, আল্টিমাস্টার টেনসেই ৬৫ হাজার টাকা, এবলুমিনাস ডিইএস প্লাস ৬০ হাজার টাকা, এক্সলিমাস ৫৫ হাজার টাকা এবং এক্সপ্লোসন স্টেন্টের মূল্য ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

৯ জুন, মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহ. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের গঠিত বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ, কমিশন এবং কোম্পানির যৌক্তিক মুনাফা বিবেচনায় নিয়ে আমদানিকৃত বিভিন্ন কোরোনারি স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিষয়টি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, গত ১৩ মে অনুষ্ঠিত পরামর্শক কমিটির সপ্তম সভায় কিছু প্রতিষ্ঠানের মূল্য পুনর্বিবেচনার আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর হাসপাতালগুলোর জন্য কয়েকটি নির্দেশনাও জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, স্টেন্টের হালনাগাদ মূল্য তালিকা হাসপাতালের নোটিশ বোর্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্য অনুসরণ করে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে এবং কোনো চিকিৎসা প্যাকেজের সঙ্গে স্টেন্টের মূল্য অন্তর্ভুক্ত করা যাবে না।

এছাড়া স্টেন্টের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে পৃথক ক্যাশমেমো প্রদান করতে হবে। ব্যবহৃত স্টেন্টের প্যাকেটও রোগীকে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, কার্ডিয়াক চিকিৎসা প্রদানকারী সব হাসপাতালকে অনুমোদিত মূল্য তালিকা ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

//ডিবিটেক/এমআই/এমইউএম//