আইসিসিইএসের বর্ষপূর্তি সভা

সবুজ দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা ও নাগরিক অংশগ্রহণ বাড়ানোর আহ্বান।
  • বৃক্ষরোপণ ও খাল খননে পরিচর্যা এবং কার্যকর তদারকির ওপর গুরুত্ব।
  • আগামী ডিসেম্বরে নানা কর্মসূচিতে বর্ষপূর্তি উদযাপন করবে আইসিসিইএস

সবুজ দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান
১০ অক্টোবর, ২০২৬ ০৯:৫২  

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে ইনস্টিটিউট অব ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইসিসিইএস)। সংগঠনটির সদস্যরা বলেছেন, সবুজায়ন, জলবায়ুবান্ধব উন্নয়ন এবং সরকারি কর্মসূচির কার্যকর বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণের পাশাপাশি নিয়মিত তদারকি ও পরিচর্যা প্রয়োজন।

রাজধানীর আগারগাঁওয়ের একটি রেস্টুরেন্টে  ৯ অক্টোবর, শুক্রবার আইসিসিইএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভায় এসব বিষয় উঠে আসে। সংগঠনটির চেয়ারম্যান প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত বছরের অর্জন পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহৎ পরিসরে উদযাপনের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সদস্যরা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রভাব সবার ওপরই পড়ে। তাই পরিবেশ রক্ষা ও সবুজায়ন আন্দোলনকে এগিয়ে নেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। এ জন্য জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের প্রতিটি পর্যায়ে পরিবেশগত প্রভাব বিবেচনায় নেওয়া জরুরি।

বক্তারা সবুজ ক্রয়প্রক্রিয়া থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন পর্যন্ত জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। তাঁদের মতে, উন্নয়ন কার্যক্রমে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করা গেলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমানো এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের সুযোগ বাড়ানো সম্ভব।

সরকারের ঘোষিত পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং খাল খনন কর্মসূচির সফল বাস্তবায়নেও গুরুত্ব দেন বক্তারা। তাঁরা বলেন, শুধু গাছ লাগানো বা খাল খনন করলেই দায়িত্ব শেষ হয় না; নিয়মিত পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং সঠিক তদারকির মাধ্যমে এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে হবে। কর্মসূচিগুলো বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো দূর করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আইসিসিইএসের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ৮ অক্টোবরকে কেন্দ্র করে আগামী ডিসেম্বর মাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হবে।

//ডিবিটেক/আইসিসিইএসইএন/এসইআর/ডিপিও//