নাগরিক অংশগ্রহণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা জোরদার
ক্লিন কেয়ার অ্যাপে দুই মাসে ১,৪৬১ অভিযোগ, সমাধান ১,০২০টি
- গত দুই মাসে (২৮ সেপ্টেম্বর পর্যন্ত) প্রাপ্ত ১,৪৬১ অভিযোগের মধ্যে ১,০২০টির সমাধান
- অবশিষ্ট ৪৪১টি অভিযোগ দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া অব্যাহত
- ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে জবাবদিহিমূলক নাগরিক সেবা চালুর সাফল্য
ঢাকা, সোমবার (২৮ সেপ্টেম্বর): রিয়েল-টাইম সিটিজেন রিপোর্টিং, জিপিএস-ট্র্যাকড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং আধুনিক ই-গভর্নেন্স ড্যাশবোর্ডের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে চালু করা ‘ক্লিন কেয়ার’ অ্যাপসে গত দুই মাসে (২৮ সেপ্টেম্বর পর্যন্ত) সর্বমোট ১,৪৬১টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১,০২০টি অভিযোগ সফলভাবে সমাধান করা হয়েছে এবং অবশিষ্ট ৪৪১টি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল সিস্টেমটি চালু করা হয়। অ্যাপটির মাধ্যমে নগরবাসীরা সরাসরি ছবি ও স্থান উল্লেখ করে পরিচ্ছন্নতা সংক্রান্ত যেকোনো সমস্যা নথিভুক্ত করতে পারছেন। প্রতিটি অভিযোগ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ওয়ার্ড বা বিভাগীয় কর্মকর্তার ড্যাশবোর্ডে প্রেরিত হওয়ায় সেবার গতি ও পরিচ্ছন্নতা কর্মীদের কাজের তদারকি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সাধারণ গ্রাহকেরা অ্যাপটির ডাউনলোড লিংক থেকে এটি বিনামূল্যে ব্যবহার করতে পারছেন।
উদ্যোগটি সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, “পরিচ্ছন্ন নগর গঠনে সিটি কর্পোরেশনের প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত অপরিহার্য। ক্লিন কেয়ার অ্যাপসের মাধ্যমে নাগরিকদের সরাসরি মতামত, পরামর্শ ও অভিযোগ গ্রহণ করে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
ডিএসসিসি প্রশাসন আশা করছে, এই মোবাইল অ্যাপ-ভিত্তিক বর্জ্য নিষ্কাশন মনিটরিং ব্যবস্থার ফলে নগরীর ঐতিহ্যবাহী স্থান ও আবাসিক এলাকাগুলোর পরিচ্ছন্নতা আগের চেয়ে অনেক বেশি টেকসই রূপ পাবে।
//ডিবিটেক/এমএমএই/এসএমই/এমআইএসটি//





