অকোবট ম্যালওয়্যার: ক্রিপ্টো ওয়ালেট চুরিতে নতুন সাইবার হুমকি

  • অকোবট ম্যালওয়্যার শনাক্ত
  • ক্রিপ্টো ওয়ালেট ও সিড ফ্রেজ ঝুঁকিতে
  • নিরাপদ সাইবার অভ্যাসের পরামর্শ

অকোবট ম্যালওয়্যার: ক্রিপ্টো ওয়ালেট চুরিতে নতুন সাইবার হুমকি
২২ জুলাই, ২০২৬ ১৩:০৪  

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘অকোবট’ (OkoBot) নামে একটি নতুন ও জটিল ম্যালওয়্যার ফ্রেমওয়ার্ক শনাক্ত করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (GReAT) জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে প্রথম শনাক্ত হওয়া এই ম্যালওয়্যারটি মূলত ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, সিড ফ্রেজ, লগইন তথ্য এবং অন্যান্য সংবেদনশীল ডেটা চুরির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ২২ জুলাই, বুধবার ক্যাসপারস্কি বাংলাদেশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ক্যাসপারস্কির তথ্যমতে, অকোবটে ২০টিরও বেশি ক্ষতিকর মডিউল রয়েছে। এগুলোর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, সিড ফ্রেজ, লগইন তথ্য, কম্পিউটারে সংরক্ষিত ফাইল, ব্রাউজারের এক্সটেনশন, কিবোর্ডে টাইপ করা তথ্য (Keystrokes) এবং স্ক্রিনে চলমান কার্যক্রম সংগ্রহ করা সম্ভব। এছাড়া দূর থেকে আক্রান্ত ডিভাইসে বিভিন্ন নির্দেশ কার্যকর করার সক্ষমতাও রয়েছে ম্যালওয়্যারটির।

গবেষকদের মতে, ম্যালওয়্যারটি মূলত ClickFix ধরনের সামাজিক প্রকৌশল (Social Engineering) কৌশল এবং ভুয়া GitHub সফটওয়্যারের মাধ্যমে ছড়ানো হচ্ছে। এর মধ্যে SQL Server Management Studio-এর ভুয়া ইনস্টলারও ব্যবহার করা হয়েছে।

অকোবটের SeedHunter নামে একটি বিশেষ মডিউল Trezor Suite, Ledger Wallet এবং Ledger Live ব্যবহারকারীদের লক্ষ্য করে কাজ করে। এটি সংশ্লিষ্ট সফটওয়্যারে ক্ষতিকর কোড যুক্ত করে ভুয়া ফিশিং পেজ প্রদর্শন করে, যেখানে ব্যবহারকারীদের কাছ থেকে হার্ডওয়্যার ওয়ালেটের সিড ফ্রেজ হাতিয়ে নেওয়া হয়।

ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (GReAT)-এর রাশিয়া ও সিআইএস ইউনিটের প্রধান দিমিত্রি গালভ বলেন, "অকোবট প্রচারণা এক বছরেরও বেশি সময় ধরে সক্রিয় এবং ২০২৬ সালের জুলাই পর্যন্ত এটি চলমান রয়েছে। আমরা যে সংক্রমণ কৌশলগুলো দেখেছি, তাতে ধারণা করা যায় সফটওয়্যার ডেভেলপাররাই এর অন্যতম প্রধান লক্ষ্য। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ম্যালওয়্যারটি নিয়মিত উন্নত করা হচ্ছে। ফলে এটি ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারী এবং নতুন নতুন দেশে ছড়িয়ে পড়তে পারে।"

যদিও এখন পর্যন্ত এই হামলার জন্য নির্দিষ্ট কোনো সাইবার অপরাধী গোষ্ঠীকে দায়ী করা হয়নি, তবে ব্যবহৃত কৌশল এবং কোডের কিছু বৈশিষ্ট্য রুশভাষী সাইবার অপরাধীদের সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত দেয় বলে জানিয়েছে ক্যাসপারস্কি।

ব্যবহারকারীদের নিরাপদ থাকতে অজানা বা যাচাই না করা উৎস থেকে কোনো সফটওয়্যার, কোড বা নির্দেশনা অনুসরণ না করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার, সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখা, শক্তিশালী ও ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) চালু রাখা এবং সিড ফ্রেজ বা পাসওয়ার্ড নোটপ্যাড কিংবা মোবাইলের ছবিতে সংরক্ষণ না করে নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।
//ডিবিটেক/সিএস/এসএমই//