শতভাগ নবায়নযোগ্য শক্তির অভিলক্ষে বৈশ্বিক মাইলফলক
আরই১০০-এ যুক্ত হলো প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান আকিজ বশির
- আকিজ বশির গ্রুপ বৈশ্বিক আরই১০০ উদ্যোগে যুক্ত হওয়া প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান
- গ্রুপটির শিল্পকারখানাগুলোতে বর্তমানে প্রায় ৯০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে
- ২০৫০ সালের মধ্যে ১০০% নবায়নযোগ্য শক্তি ব্যবহারের বৈশ্বিক লক্ষ্যমাত্রার অংশ এটি
বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে বৈশ্বিক কর্পোরেট-ভিত্তিক নবায়নযোগ্য শক্তির উদ্যোগ ‘আরই১০০’ (RE100)-এ যোগ দিয়েছে আকিজ বশির গ্রুপ। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘ক্লাইমেট গ্রুপ’ এই উদ্যোগ পরিচালনা করে, যা পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতিতে রূপান্তর বেগবান করতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারের সাথে কাজ করছে। আরই১০০-এর অংশ হওয়ার মাধ্যমে আকিজ বশির গ্রুপ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পদক্ষেপ আরও জোরদার করেছে এবং শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহারের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
বিশ্বের ৪০০টিরও বেশি শীর্ষ প্রতিষ্ঠান আরই১০০-এর সদস্য। প্রতিষ্ঠানগুলো ২০৫০ সালের মধ্যে তাদের শিল্প কার্যক্রমে ১০০% নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে। সদস্য প্রতিষ্ঠানগুলো প্রতিবছর এ সংক্রান্ত অগ্রগতি প্রকাশ করে এবং আরই১০০-এর কারিগরি মানদণ্ড অনুযায়ী তাদের নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের তথ্য যাচাই করা হয়। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষজ্ঞরা নীতিগত আলোচনা, সেরা প্রযুক্তিগত চর্চা এবং আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।
আরই১০০ মূলত আকিজ বশির গ্রুপের শক্তি রূপান্তরকে পরিকল্পিত, পরিমাপযোগ্য ও স্বচ্ছভাবে এগিয়ে নেওয়ার একটি আন্তর্জাতিক কারিগরি কাঠামো তৈরি করবে। এর মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানটি তাদের এনার্জি গ্রিড রূপান্তরের অগ্রগতি কার্যকরভাবে ট্র্যাক করার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পারবে।
বর্তমানে গ্রুপটির পার্টিকেল বোর্ড, সিরামিকস, গ্লাসসহ বিভিন্ন উৎপাদন কেন্দ্রে প্রায় ৯০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। ত্রিশালে অবস্থিত আকিজ সিরামিকসে ২৪.৩৯ মেগাওয়াট পিকের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে বছরে প্রায় ২৮,০৫০ মেগাওয়াট-ঘণ্টা পরিবেশবান্ধব বিদ্যুৎ মিলবে, যা বছরে ২২,৪৪০ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমাবে। এর মধ্যে ১০ মেগাওয়াট জাতীয় গ্রিডের সঙ্গে নেট মিটারিংয়ের মাধ্যমে যুক্ত রয়েছে।
হবিগঞ্জে অবস্থিত আকিজ বশির গ্লাসে ১৮.২ মেগাওয়াটের ছাদভিত্তিক সৌর ব্যবস্থা এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সুবিধা রয়েছে। এছাড়া গ্লাস উৎপাদনের বর্জ্য তাপ ব্যবহার করে ‘ওয়েস্ট হিট রিকভারি’ স্টিম টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, যার ফলে কারখানাটির মোট শক্তি চাহিদার ৭১% নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহ করা সম্ভব হচ্ছে।
অন্যদিকে জনতা জুট মিলসে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা মিলটির সম্পূর্ণ বিদ্যুতের চাহিদা মেটাচ্ছে। আকিজ পার্টিকেল বোর্ড মিলসে ৮.১ মেগাওয়াট পিকের ছাদভিত্তিক সৌর ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যা বছরে ৯.৩ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ তৈরি করবে এবং ৭,৪৫২ টন কার্বন কমানোর সুযোগ দেবে। শক্তি দক্ষতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর সাথেও যৌথভাবে কাজ করছে।
এ নিয়ে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন জানান, আকিজ বশির গ্রুপের জন্য আরই১০০-তে যোগদান শুধু নবায়নযোগ্য শক্তি ব্যবহারের একটি প্রতিশ্রুতি নয়, বরং ব্যবসা পরিচালনায় বিদ্যুৎ ব্যবহার ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতের প্রক্রিয়া রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি জানান, ১০০% নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যে এটি একটি অগ্রণী পদক্ষেপ এবং ব্যবসা, জনগণ ও দেশের দীর্ঘমেয়াদী সুফলের জন্য তারা অন্যান্য শিল্পখাতকেও এতে উৎসাহিত করতে চান।
শিল্পখাতের প্রবৃদ্ধিকে আরও টেকসই ও প্রযুক্তিভিত্তিক করতে আকিজ বশির গ্রুপ তাদের মূল নীতি ‘Beyond Tomorrow’ অনুসরণ করে দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পথে কার্যক্রম অব্যাহত রাখবে।
//ডিবিটেক/কেএইচআই/এসএমই/এমআইএসটি//





