সাইবার নিরাপত্তায় বিশেষজ্ঞ কমিটি গঠন

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ

  • ১৬ বছরের নিচে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালার নির্দেশ
  • সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীদের নিয়ে স্বাধীন কমিটি গঠিত হবে
  • ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিনে

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ
২২ নভেম্বর, ২০২৬ ১৫:২১  

ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে শিশুদের অনলাইন সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

২২ নভেম্বর, রবিবার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এক জনস্বার্থ রিটের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।

আদেশে এই নীতিমালা প্রণয়নে অবিলম্বে সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

একই সঙ্গে আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে কেন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে না। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জানান, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, যার ফলে তাদের মধ্যে একাকিত্ব, হতাশা ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার মতো নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। রিট আবেদনে আইসিডিডিআরবির এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়, ঢাকার ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় ডিজিটাল স্ক্রিনের সামনে কাটায়, যা আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে অনেক বেশি। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইসে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।

গবেষণার তথ্য অনুযায়ী, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। এছাড়া প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী শিশুরা রাতে গড়ে মাত্র ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, যেখানে সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন। গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে এবং দীর্ঘমেয়াদে পর্যাপ্ত ঘুমের অভাবে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

//ডিবিটেক/ডিবিআই/এসএসসি/ডিওই//