সিএসডব্লিউসির পরিসংখ্যানে এআই প্রযুক্তির অপব্যবহার

বাড়ছে সাইবার সহিংসতা ভুক্তভোগী ৬৯% নারী

  • ২১ মাসে জমা পরা ৮০টি সাইবার অভিযোগের মধ্যে ৬৯ শতাংশই নারী ভুক্তভোগী
  • ব্ল্যাকমেইল, ভুয়া অ্যাকাউন্ট ও এআই দিয়ে সম্পাদিত আপত্তিকর ছবি ছড়ানোর হার বৃদ্ধি
  • সচেতনতা মাসে ভুক্তভোগীবান্ধব অভিযোগ গ্রহণ ও দ্রুত আইনি সহায়তার দাবি

বাড়ছে সাইবার সহিংসতা ভুক্তভোগী ৬৯% নারী
১ অক্টোবর, ২০২৬ ১৬:৪১  

ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র ক্রমবর্ধমান অপব্যবহারের ফলে দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। 'সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন' (সিএসডব্লিউসি) প্ল্যাটফর্মের প্রকাশিত তথ্যমতে, গত ২১ মাসে প্রাপ্ত মোট ৮০টি সাইবার অপরাধ সম্পর্কিত অভিযোগের মধ্যে ৫৫টিই নারীর—যা মোট ঘটনার শতকরা ৬৯ ভাগ। ‘সাইবার সচেতনতা মাস ২০২৬’ পালনের অংশ হিসেবে ১ অক্টোবর, বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব উদ্বেগজনক তথ্য জানায় সংস্থাটি।

২০২৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সিএসডব্লিউসির ফেসবুক পেজে জমা হওয়া অভিযোগ বিশ্লেষণে দেখা যায়, ব্যক্তিগত গোপনীয়তা ও পরিচয়ের গুরুতর অপব্যবহার ঘটছে। এসব ঘটনার মধ্যে রয়েছে অন্তরঙ্গ ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আপত্তিকর কনটেন্ট প্রকাশ, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপফেক বা আপত্তিকর ছবি সম্পাদনা এবং অনলাইন ব্ল্যাকমেইলিং।

অভিযোগকারীদের মধ্যে ৫৫ জন নারী ও ১২ জন পুরুষ। বাকি ১৩ জনের লিঙ্গ শনাক্ত করা যায়নি। তবে সাহায্যপ্রার্থী পুরুষদের মধ্যে পাঁচজন তাদের স্ত্রী, কন্যাসন্তান বা নারী স্বজনদের হয়ে সহায়তার আবেদন করেছেন, যা প্রমাণ করে সাইবার সহিংসতার প্রভাব পুরো পরিবারের মানসিক ও সামাজিক নিরাপত্তার ওপর পড়ছে। সামাজিক জড়তার কারণে অনেক নারী সরাসরি অভিযোগে আসছেন না।

অনলাইন সহিংসতায় দ্রুত প্রতিকার নিশ্চিত করতে ভুক্তভোগী-বান্ধব অভিযোগ গ্রহণ ব্যবস্থা, দ্রুত কারিগরি তদন্ত ও প্রয়োজনীয় আইনি সহায়তার দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটি। একইসঙ্গে ব্যক্তিগত অ্যাকাউন্ট ও ডেটা সুরক্ষিত রাখা, সন্দেহজনক বার্তা ও লিংকে না ক্লিক করা এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, দেশের প্রথম সারির সাইবার নিরাপত্তা সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনকে (সিক্যাফ) সঙ্গে নিয়ে ব্লাস্টের উদ্যোগে গঠিত ১৭টি সংগঠনের এই জোটে সদস্যসচিব হিসেবে কাজ করছে নারীপক্ষ।         //ডিবিটেক/এসসিপিআর/বিভি/পিসি//