চিপ নির্মাতাদের সহায়তায় ১০৫ কোটি ডলার ব্যয় করবে এসকে হাইনিক্স

চিপ নির্মাতাদের সহায়তায় ১০৫ কোটি ডলার ব্যয় করবে এসকে হাইনিক্স
১৬ নভেম্বর, ২০২৬ ১৩:৪৫  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে নিজেদের সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে আগামী পাঁচ বছরে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ওন বা প্রায় ১০৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স। 

সোমবার (১৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সেমিকন্ডাক্টর উপকরণ, যন্ত্রাংশ ও সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতেই এই বিশাল অর্থ ব্যয় করা হবে।


পাশাপাশি সিউলের দক্ষিণে ইয়ংগিন সেমিকন্ডাক্টর কমপ্লেক্সে ৮৭ হাজার ৪৬০ কোটি ওন ব্যয়ে একটি যৌথ অর্থায়নের পরীক্ষাকেন্দ্র বা টেস্টিং ফ্যাসিলিটি নির্মাণের রূপরেখাও তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। এই কেন্দ্রে ক্ষুদ্র সরবরাহকারীরা বাণিজ্যিক চিপ উৎপাদন লাইনের অনুরূপ পরিবেশে তাদের তৈরি পণ্য ও যন্ত্রাংশ পরীক্ষা করার সুযোগ পাবেন।

চার ধাপে সরবরাহকারীদের সহায়তা
এসকে হাইনিক্স জানিয়েছে, তাদের এই সরবরাহকারী সহায়তা কর্মসূচি মূলত চারটি ধাপে পরিচালিত হবে- গবেষণা ও উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, ব্যাপক উৎপাদন এবং বিপণন। ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো যাতে অর্থায়ন ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় এসকে হাইনিক্স প্রাথমিক উন্নয়ন ব্যয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম প্রদান করবে। এমনকি কোনো প্রকল্প নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও সরবরাহকারীদের সম্পন্ন করা কাজের জন্য ক্ষতিপূরণ বা পারিশ্রমিক দেওয়া হবে। 

এ ছাড়া কোরিয়া ট্রেড ইনস্যুরেন্স করপোরেশনের সহায়তায় এসকে হাইনিক্স ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান মিলে ২ ট্রিলিয়ন ওনের তহবিল জোগান দেবে। এর পাশাপাশি ক্ষুদ্র সাব-কন্ট্রাক্টরদের জন্য স্বল্প সুদে ঋণ ও কারিগরি পরামর্শ দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে।

‘ট্রিনিটি ফ্যাব’ ও ইয়ংগিন সেমিকন্ডাক্টর ক্লাস্টার
‘ট্রিনিটি ফ্যাব’ নামের নতুন পরীক্ষাকেন্দ্রটি এসকে হাইনিক্স, দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকারের যৌথ অংশীদারত্বে নির্মিত হচ্ছে, যা ২০২৭ সালের মে মাসে চালু হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে এসকে হাইনিক্স ৪৪ হাজার ৩২০ কোটি ওন, কেন্দ্রীয় সরকার ৩৭ হাজার ৩৬০ কোটি ওন এবং স্থানীয় সরকার ৫ হাজার ৭৭০ কোটি ওন বিনিয়োগ করবে।

সিউল থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ইয়ংগিন সেমিকন্ডাক্টর ক্লাস্টারের প্রথম চিপ কারখানার ভেতরেই এই পরীক্ষাকেন্দ্রটি স্থাপন করা হবে। উল্লেখ্য, ওই ক্লাস্টারে চারটি চিপ উৎপাদন কারখানা নির্মাণে মোট ৬০০ ট্রিলিয়ন ওন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এসকে হাইনিক্সের।

নতুন এই পরীক্ষাকেন্দ্রে ৩ হাজার ৩০৫ বর্গমিটার আয়তনের একটি ক্লিনরুম এবং লিথোগ্রাফি, এচিং, ডিপোজিশন ও পরিদর্শনের মতো আধুনিক যন্ত্রপাতি থাকবে। সরবরাহকারীরা মূল উৎপাদন লাইনে ব্যবহারের আগেই এখানে ১২ ইঞ্চি ওয়েফার ব্যবহার করে নিজেদের উপকরণ ও সরঞ্জামের মান যাচাই করতে পারবেন। 

এসকে হাইনিক্সের মতে, এই যৌথ কেন্দ্রটি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার খরচ কমাবে এবং দ্রুত বাজারে পণ্য আনতে সহায়তা করবে। মেধাস্বত্ব ও ব্যবসায়িক গোপনীয়তা রক্ষার্থে কেন্দ্রটি একটি স্বাধীন অলাভজনক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স