আধুনিক যুদ্ধপ্রযুক্তিতে সক্ষমতা বৃদ্ধি
ড্রোন, এআই ও সাইবার যুদ্ধে জোর সেনাপ্রধানের
- ইলেকট্রনিক যুদ্ধ ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্বারোপ
- এআই প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশনা
- যশোরে সিগন্যালস কোরের বার্ষিক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠিত
ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ, উদ্ভাবনী সক্ষমতা এবং উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দিয়েছেন তিনি।
১৬ নভেম্বর, সোমবার যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) কোর অব সিগন্যালসের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও সপ্তম কোর পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন সেনাপ্রধান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় আধুনিক যুদ্ধক্ষেত্রের ক্রমপরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
আধুনিক যোগাযোগব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন সেনাপ্রধান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে কোরের সব সদস্যকে সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানের অংশ হিসেবে এসটিসিঅ্যান্ডএসে আয়োজিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করেন সেনাপ্রধান। সেখানে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন তিনি।
সিগন্যালস কোরের সপ্তম কোর পুনর্মিলনী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান। এ সময় তিনি কোর পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং কোরের বর্তমান ও সাবেক সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
বক্তব্যে সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে কোরের ভূমিকা এবং বিভিন্ন সময়ে দেশ ও সেনাবাহিনীর জন্য কোরটির অবদান ও অর্জনের কথা তুলে ধরেন জেনারেল ওয়াকার-উজ-জামান। ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার জন্য কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিগন্যালস কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
//ডিবিটেক/এসএমই/এফএমও/এমভিএনও//





