শিক্ষায় প্রযুক্তি সহযোগিতায় গুগলের আগ্রহ

শিক্ষা রূপান্তরে গুগলের সহযোগিতা চায় সরকার

  • বৈশ্বিক চাহিদার সঙ্গে শিক্ষাব্যবস্থা সামঞ্জস্যের উদ্যোগ তুলে ধরেছেন মন্ত্রী
  • শিক্ষক প্রশিক্ষণ, এআই ও ডিজিটাল শিক্ষাসামগ্রীতে সহযোগিতার সম্ভাবনা
  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগে গুগলের ভূমিকা রাখার সুযোগ

শিক্ষা রূপান্তরে গুগলের সহযোগিতা চায় সরকার
১৫ নভেম্বর, ২০২৬ ১৬:২৩  

বৈশ্বিক চাহিদার সঙ্গে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর উদ্যোগে গুগলের সহযোগিতা চেয়েছে সরকার। শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী উন্নয়ন, এআইভিত্তিক শিক্ষা এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

১৫ নভেম্বর, রবিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে গুগলের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। গুগলের স্পেশাল প্রজেক্টসের গ্লোবাল লিড টিমোথি পাওলিনির নেতৃত্বে দলটি মন্ত্রীর বাসভবনের অফিসকক্ষে এ সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকার ও বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বৈশ্বিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষাব্যবস্থাকে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে শিক্ষকদের প্রশিক্ষিত ও দক্ষ করে তোলা জরুরি। এ লক্ষ্যেই ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ বিভিন্ন উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নেও গুগল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাসামগ্রী ও কনটেন্ট উন্নয়নসহ অন্যান্য ক্ষেত্রেও গুগলের সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

গুগলের কর্মকর্তারা শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তারা শিক্ষক প্রশিক্ষণ, অনলাইন শিক্ষাসামগ্রী উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা উদ্যোগ, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
//ডিবিটেক/ইডিএমএসপি/এসসিডিই/এফওইডি//