ইন্টেলের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা

ইন্টেলের বিরুদ্ধে বিনিয়োগকারীদের মামলা
১৬ নভেম্বর, ২০২৬ ১১:৪০  

ব্যক্তিগত কম্পিউটার বা পিসি বিক্রিতে দীর্ঘস্থায়ী মন্দার তথ্য গোপন করে প্রতারণার অভিযোগে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের বিরুদ্ধে মামলা করেছেন বিনিয়োগকারীরা। পিসি বিক্রির এই নেতিবাচক প্রভাবের তথ্য প্রকাশের পরপরই একদিনে ইন্টেলের শেয়ারদর প্রায় ২৯ শতাংশ কমে যায়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল আদালতে মিশিগানের একটি পেনশন তহবিলের নেতৃত্বে বিনিয়োগকারীরা এই যৌথ বা ক্লাস অ্যাকশন মামলাটি দায়ের করেন। 

মামলায় অভিযোগ করা হয়েছে, পিসি বিক্রিতে ধীরগতি এবং অবিক্রীত পণ্যের স্তূপ বা ইনভেন্টরি জমে যাওয়ার ফলে আয়ে যে নেতিবাচক প্রভাব পড়বে, সেই তথ্য প্রকাশ করতে ইন্টেল ইচ্ছাকৃতভাবে বিলম্ব করেছে। 

এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও ইন্টেল তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

প্রতারণা ও মূলধন সংগ্রহের অভিযোগ
বিনিয়োগকারীদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রসার ও ডেটা সেন্টার নির্মাণের ফলে যে সুফল আসছিল, পিসি বিক্রির মন্দা এবং অতিরিক্ত পণ্যের চাপ সেই লাভকে ছাপিয়ে গিয়েছিল। 

অভিযোগে আরও বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকের মাঝামাঝি সময়ে অর্থাৎ আগস্টের মাঝামাঝি ইন্টেল শেয়ারপ্রতি ৯৫ ডলার দরে ২ হাজার ৩০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করেছিল। 

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপ-বু তানের কৌশলের অংশ হিসেবে চিপ উৎপাদন ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এই অর্থ তোলা হয়। বিনিয়োগকারীদের মতে, তথ্য গোপন করে উচ্চমূল্যে শেয়ার বিক্রির সুযোগ নিতেই প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নিয়েছিল। 

একদিনেই ১৪ হাজার কোটি ডলার বাজারমূল্য উধাও
গত ২৯ অক্টোবর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক প্রতিষ্ঠানটি চতুর্থ প্রান্তিকের আয় ও মুনাফার পূর্বাভাস প্রত্যাশার চেয়ে কম ঘোষণা করে এবং পিসি বাজারে দীর্ঘমেয়াদি মন্দার আশঙ্কা প্রকাশ করে। এর পরদিন অর্থাৎ ৩০ অক্টোবর ইন্টেলের শেয়ারদর ২৮ দশমিক ৬ শতাংশ পড়ে যায়, যার ফলে একদিনেই প্রতিষ্ঠানটির প্রায় ১৪ হাজার কোটি ডলার বাজারমূল্য কমে যায়।

ওই সময় বিশ্লেষকদের কাছে প্রধান নির্বাহী লিপ-বু তান উৎপাদন সরবরাহে ঘাটতি, মেমোরি চিপের নজিরবিহীন সংকট এবং এর ফলে পিসির চাহিদা কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন। মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় পিসির উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, যা ক্রেতাদের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলছে। 

মিশিগানের সিটি অব সাউথফিল্ড ফায়ার অ্যান্ড পুলিশ রিটায়ারমেন্ট সিস্টেমের নেতৃত্বে দায়ের করা এই মামলায় ২০২৬ সালের ২৩ জুলাই থেকে ২৯ অক্টোবরের মধ্যে ইন্টেলের শেয়ার কেনা বিনিয়োগকারীদের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। 

মামলায় ইন্টেলের পাশাপাশি প্রধান নির্বাহী লিপ-বু তান এবং প্রধান আর্থিক কর্মকর্তা ডেভিড জিনসনারকেও বিবাদী করা হয়েছে। 

উল্লেখ্য, চলতি বছরে ইন্টেলের শেয়ারদর সামগ্রিকভাবে ৬২ শতাংশ বাড়লেও গত ৩০ জুনের সর্বোচ্চ ১৪২ দশমিক ৩৫ ডলার থেকে তা কমে শুক্রবার ৫৯ দশমিক ৬৬ ডলারে নেমে এসেছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স