সাইবার সুরক্ষা ও এজেন্টিক এআই
দেশের সাইবার সুরক্ষায় জিরো ট্রাস্ট ও এআই নীতিমালার আহ্বান এনআইসিটিএফের
- সিআইআই তালিকা চূড়ান্তকরণ, ২৪ ঘণ্টা সক ও বাগবাউন্টি উন্মুক্ত করার আহ্বান
- এজেন্টিক এআই ঝুঁকি মোকাবিলায় সুস্পষ্ট গভর্নেন্স নীতিমালা ও ডিপফেইক লেবেলিংয়ের দাবি
- দেশের ৭৭.৩ শতাংশ বিডি ডোমেইন পিএইচপি নির্ভর; ৪৮ ঘণ্টায় প্যাচ আপডেটের পরামর্শ
দেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) তালিকা চূড়ান্তকরণ, সার্বক্ষণিক সিকিউরিটি অপারেশন সেন্টার (সক) চালু, জিরো ট্রাস্ট আর্কিটেকচার গড়ে তোলা এবং এজেন্টিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেইক নিয়ন্ত্রণে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)। পাশাপাশি প্রযুক্তিপণ্য কেনাকাটায় নিরাপত্তা মানদণ্ড বাধ্যতামূলক করা এবং উন্মুক্ত বাগবাউন্টি কর্মসূচি চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।
১৫ নভেম্বর, রবিবার ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক বিশেষ সেমিনারের মাধ্যমে আত্মপ্রকাশ করে এনআইসিটিএফের নতুন কমিটি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন সংগঠনের নবনির্বাচিত দফতর সম্পাদক মো. মিজানুর রহমান মুন।
মূল প্রবন্ধে মিজানুর রহমান মুন দেশের সাইবার ঝুঁকির কারিগরি দুর্বলতা তুলে ধরে জানান, দেশের সার্ভারগুলোর ৮৯.৩ শতাংশ এবং বিডি ডোমেইনের ৭৭.৩ শতাংশই পিএইচপি নির্ভর। নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা ও সিকিউরিটি প্যাচ হালনাগাদের দায়বদ্ধতা না থাকায় এসব অবকাঠামো মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া সিন্ডিকেটভিত্তিক প্রযুক্তিপণ্য কেনাকাটায় সরকারি অর্থের অপচয় হচ্ছে উল্লেখ করে তিনি জানান, অসাধু সিন্ডিকেট ভাঙতে না পারলে প্রকৃত সাইবার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।
এজেন্টিক এআই ও সাইবার ঝুঁকি মোকাবিলায় করণীয়
গত ১৫ দিনে সাইবার বিশ্বের বিভিন্ন হামলার ঘটনা উপস্থাপন করে মিজানুর রহমান মুন বলেন, ‘সাইবার নিরাপত্তা এখন জাতীয় নিরাপত্তা। ইন্টারনেট অব থিংস (আইওটি) সিকিউরিটি ছাড়া জাতীয় প্রতিরক্ষা অসম্পূর্ণ। বর্তমানে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে এজেন্টিক এআই। সম্প্রতি এআরটেক্স নামের একটি এজেন্টিক এআই ১১ দিনে ১৪টি দেশের ২০০টি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ৩ ঘণ্টার কম সময়ে ডোমেইন অ্যাডমিন প্যানেলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। তাই এখনই এআইয়ের ওপর শক্তিশালী গভর্নেন্স পলিসি তৈরি করতে হবে।’
সাইবার সুরক্ষা জোরদারে তিনি অনলাইনে দুটি ব্যাকআপের পাশাপাশি অফলাইনে একটি ব্যাকআপ রাখা, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা এবং ৪৮ ঘণ্টার মধ্যে সিকিউরিটি প্যাচ হালনাগাদের সময়সীমা বেঁধে দেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে প্রতি মাসে ফিশিং সিমুলেশন, বছরে দুবার সাইবার মহড়া এবং ভেন্ডর রিস্ক যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন।
দক্ষ সাইবার ফোর্স গঠন ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ
সরকারের ২০ হাজার দক্ষ সাইবার ফোর্স তৈরির পরিকল্পনা প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, কর্মী নির্বাচনে সরকার এনআইসিটিএফকে কাজে লাগাবে। তবে দক্ষ জনশক্তি গড়ে তোলা গেলেও পুরোনো সিস্টেম, গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোতে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিসো) নিয়োগের বিধিতে পেশাদার সনদের ঘাটতি এবং সচেতনতার অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
এনআইসিটিএফ সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত ও উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রথম সহ-সভাপতি রূপম রাজ্জাক, সহ-সভাপতি হাসিবুর রশিদ, সহ-সভাপতি জান্নাতুল হক শাপলা এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের রিয়েল।
//ডিবিটেক/আইএইচওএস/এসসিডিআরই/এফওইডি//





