কক্ষপথ থেকে সফলভাবে লঞ্চপ্যাডে ফিরল স্পেসএক্সের স্টারশিপ
পুনর্ব্যবহারযোগ্য রকেট তৈরির দীর্ঘ এক দশকের প্রচেষ্টায় এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করল ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। শনিবার (১৪ নভেম্বর) ২২ ঘণ্টারও বেশি সময় কক্ষপথে অবস্থান শেষে পৃথিবীতে ফিরে এসে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত লঞ্চ টাওয়ারের বিশালাকার যান্ত্রিক বাহুর (মেকাজিলা) মুঠোয় সফলভাবে ধরা দিয়েছে স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান।
এটিই কোনো কক্ষপথ অভিযান শেষে স্টারশিপের প্রথমবারের মতো লঞ্চপ্যাডে সফল প্রত্যাবর্তন।
শুক্রবার টেক্সাসের স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে ১৭১ ফুট (৫২ মিটার) উচ্চতার এই মহাকাশযানটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে, যা এখন পর্যন্ত এই কর্মসূচির দীর্ঘতম অভিযান। অভিযান চলাকালে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬১ মাইল (২৬০ কিলোমিটার) উচ্চতায় অবস্থান করে ২৬টি স্টারলিংক কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপন করে স্টারশিপ।
শ্বাসরুদ্ধকর অবতরণ ও প্রকৌশলগত সাফল্য
শনিবার প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় ইঞ্জিন চালু করে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের প্রক্রিয়া শুরু করে স্টারশিপ। ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল গতিতে ছুটে আসা মহাকাশযানটি বায়ুমণ্ডলের তীব্র ঘর্ষণ ও প্রচণ্ড তাপ সহ্য করে সুপারসনিক গতিতে নিচে নামতে থাকে।
এরপর স্টারবেস লঞ্চ সাইটের ঘন মেঘ ভেদ করে বেরিয়ে এসে ইঞ্জিন পুনরায় চালু করার মাধ্যমে নিজেকে উল্লম্বভাবে সোজা করে নেয় এবং ধীরে ধীরে লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহুতে আটকে যায়।
স্পেসএক্সের মিশন ভাষ্যকার ড্যান হুওট এই ঘটনাকে মহাকাশযাত্রার ইতিহাসে ‘বহুল প্রতীক্ষিত সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন। অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই ইলন মাস্ক ও স্পেসএক্সের প্রকৌশলীরা মহাকাশযানটি পরিদর্শন শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছবি ও ভিডিও প্রকাশ করে মাস্ক জানান, ‘শিপ ৪২’ দারুণ অবস্থায় রয়েছে। অবশ্য শুক্রবার উৎক্ষেপণের ১০ মিনিট পর রকেটের নিচের অংশ বা সুপার হেভি বুস্টারটি লঞ্চপ্যাডে ফিরতে ব্যর্থ হওয়ায় একই অভিযানে রকেটের উভয় অংশ পুনরুদ্ধারের পরিকল্পনা এবার সফল হয়নি।
পুনর্ব্যবহারযোগ্য রকেট ও ভবিষ্যৎ পরিকল্পনা
বর্তমানে বৈশ্বিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে স্পেসএক্সের আধিপত্য মূলত ফ্যালকন ৯ রকেটের ওপর নির্ভরশীল, যা ২০১০ সাল থেকে ৭০০ বারেরও বেশি উৎক্ষেপণ করা হয়েছে। তবে ফ্যালকন ৯-এর প্রথম ধাপটি পুনর্ব্যবহারযোগ্য হলেও কক্ষপথে উপগ্রহ পৌঁছে দেওয়া দ্বিতীয় ধাপটি প্রতিবার সাগরে ফেলে দেওয়া হয়।
ইলন মাস্কের লক্ষ্য হলো বাণিজ্যিক উড়োজাহাজের মতোই স্টারশিপকে দ্রুত ও ন্যূনতম সংস্কারের মাধ্যমে বারবার মহাকাশে পাঠানো। এই প্রযুক্তির মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট ব্যবসার প্রসার, কক্ষপথে ডেটা সেন্টার স্থাপন, মানুষকে চাঁদে ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের স্বপ্ন দেখছে স্পেসএক্স।
স্টারশিপের উন্নয়নে স্পেসএক্স ইতিমধ্যে ১ হাজার ৫০০ কোটি ডলারেরও বেশি ব্যয় করেছে। এ ছাড়া আর্টেমিস কর্মসূচির আওতায় ২০২৮ সালে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্যে নাসার সঙ্গে ৪০০ কোটি ডলারের বেশি মূল্যের একটি চুক্তির অংশ হিসেবে স্পেসএক্স ৩২০ কোটি ডলার সহায়তা পেয়েছে।
তবে চাঁদে যাওয়ার আগে কক্ষপথে এক স্টারশিপ থেকে অন্য স্টারশিপে জ্বালানি স্থানান্তরের মতো জটিল প্রযুক্তিগত ধাপগুলো এখনো অতিক্রম করতে হবে প্রতিষ্ঠানটিকে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





